সামাজিক বনায়নের নামে প্রতারণা-বাণিজ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর খানেক আগে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সংরক্ষিত বনের ফাঁকা অংশে কিছু লোক সামাজিক বনায়ন শুরু করেন। ওই লোকদের দাবি, কয়েক লাখ টাকা বিনিয়োগ করে তাঁরা সেখানে বেশ কিছু বনজ গাছের চারাও রোপণ করেছেন। এখন বন বিভাগের কর্মকর্তারা বলছেন, বনায়নের প্রস্তাবটি বাতিল হয়ে গেছে। বন বিভাগের লোকজন গতকাল শুক্রবার সকালে অভিযান চালিয়ে বনায়ন এলাকায় পাহারাদারের থাকার জন্য নির্মিত একটি ঘর গুঁড়িয়ে দিয়েছেন।ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাগরনাল ইউনিয়নের ৫০ ব্যক্তির সমন্বয়ে গঠিত উপকারভোগীদের একটি দল গত বছর (২০১১) বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জুড়ী-১ রেঞ্জের সাগরনাল সংরক্ষিত বনের কালাছড়া এলাকার প্রায় ৫০ একর ফাঁকা অংশে সামাজিক বনায়ন শুরু করে। প্রাথমিকভাবে ওই দলটি সেখানে ‘আকাশমণি’ জাতের প্রায় ২৬ হাজার গাছের চারা রোপণ করে। গাছগুলো দেখভাল করতে পাহারাদারের থাকার জন্য গত বৃহস্পতিবার বিকেলের দিকে কাঠের খুঁটি পুঁতে টিনের চালা দিয়ে একটি ঘর নির্মাণ করা হয়।গতকাল বেলা ১০টার দিকে জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা এস এম হারুনের নেতৃত্বে বন বিভাগের লোকজন সেখানে অভিযান চালিয়ে বসতঘর উচ্ছেদ ও ঘর নির্মাণে ব্যবহূত উপকরণ জব্দ করে। উপকারভোগীদের দলনেতা দক্ষিণ সাগরনাল গ্রামের বাসিন্দা আবদুল কাদির ওরফে আবু গতকাল বলেন, ‘আমরা প্রতারণার শিকার। ফরেস্টের (বন বিভাগ) লোকজনই প্রথমে আমাদের ডেকে বনায়নের প্রস্তাব দেন। কাগজপত্র ঠিকঠাক করে দেওয়ার কথা বলে আগের রেঞ্জার সাত্তার সাহেব (জুড়ী-১ রেঞ্জের সাবেক বন কর্মকর্তা আবদুস সাত্তার) আমাদের কাছ থেকে দুই লাখ ৩০ হাজার টাকা নিয়েছেন। তিনি (সাত্তার) বলেছিলেন, কাগজপত্র অনুমোদন হতে দেরি হবে। তাঁর পরামর্শেই আমরা নিজেদের খরচে শ্রমিকদের দিয়ে জঙ্গল পরিষ্কার করিয়ে চারা লাগাই। একেকটি চারার দাম পড়েছে পাঁচ টাকা। সব মিলিয়ে আমাদের প্রায় ছয় লাখ টাকা খরচ হয়েছে।’জুড়ী-১ রেঞ্জের বর্তমান বন কর্মকর্তা এস এম হারুন গতকাল বিকেলে বলেন, ‘কালাছড়ায় বনায়নের একটি প্রস্তাব বছর খানেক আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল, এটা ঠিক। কিন্তু তা অনুমোদন হয়নি। সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা করায় আমরা তা উচ্ছেদ করেছি।