সামাজিক বনায়নের সহস্রাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বনবিটের আগুনিয়া ছড়া এলাকায় সামাজিক বনায়নের সহস্রাধিক গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ৩-৭ এপ্রিল উপজেলার আগুনিয়া ছড়া এলাকার মাহমুদুর রশিদ নামের এক উপকারভোগীর বাগান থেকে এসব গাছ কাটা হয়। মাহমুদুর রশিদ এ ব্যাপারে বন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো ফল পাচ্ছেন না। নিরুপায় হয়ে গত বৃহস্পতিবার তিনি পাঁচজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন।মাহমুদুর রশিদ অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের স্থানীয় কতিপয় নেতা ৩০-৩৫ জন দুর্বৃত্ত দিয়ে ৩ এপ্রিল থেকে তাঁর সামাজিক বনায়নের গাছ কেটে ইটভাটায় বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। গাছ কাটায় বাধা দেওয়ায় দুর্বৃত্তরা ওই সময় তাঁকে মারধর করে। এমনকি মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বনবিট কর্মকর্তাকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বাগানের গাছ কাটা অব্যাহত রেখেছে তারা।আগুনিয়া ছড়া এলাকার সামাজিক বনায়নের উপকারভোগীরা জানান, ইট পোড়ানোর কাজ শুরু হওয়ার পর থেকে ৩-৪ মাসে কোদালা বনবিটের আওতাধীন নিচিন্তাপুর ও আগুনিয়া ছড়া এলাকায় সামাজিক বনায়নের গাছগুলো কেটে দুর্বৃত্তরা জ্বালানি হিসেবে ইটভাটায় বিক্রি করছে। অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকায় গাছ কাটায় তাদের কেউ বাধা দেওয়ার সাহস পর্যন্ত করে না। অভিযোগ করলেও বনবিভাগ কার্যকর তেমন কোনো ব্যবস্থা নেয় না। বরং অভিযোগ করায় মৃত্যুর ঝুঁকি নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেক উপকারভোগী।এ ব্যাপারে রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বনবিটের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জনবল কম থাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযান চালানো সম্ভব হয়নি। পরে বাগান থেকে কাটা ৩০টি গাছ উদ্ধার করে বিট কার্যালয়ে নিয়ে আসা হয়। ওই সময় তাদের কাউকে বাগানে পাওয়া যায়নি। তবে গাছ কাটার অপরাধে দুর্বৃত্তদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে।রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, শুধু মাহমুদুর রশিদ নন, সামাজিক বনায়নের বাগান থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ করেছেন অনেক উপকারভোগী। বনবিভাগ এ ব্যাপারে একাধিক মামলা করলেও ক্ষমতাসীন দলের কতিপয় স্বার্থান্বেষী নেতার প্রভাবে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে দুর্বৃত্তরা। এতে দিন দিন সামাজিক বনায়নের বাগান উজাড় হচ্ছে। এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া না হলে ওই এলাকার সামাজিক বনায়ন অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, মাহমুদুর রশিদের অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যশই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন কর্মকর্তা কৃষ্ণপদ সাহা বলেন, গাছ কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আরও মামলা করা হবে।