অবাধ ও নিরপেক্ষ সাংবাদিকতায় নতুন ধারা প্রবর্তনের পাশাপাশি সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রথম আলো। বাংলাদেশের গণমাধ্যমগুলোর মাঝে অগ্রণী এ ভূমিকা পালনের জন্য পত্রিকাটি পাঠকদের বিশেষ আস্থা অর্জন করেছে। বাংলাদেশে শিক্ষাসফরে আসা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল গতকাল শনিবার প্রথম আলোর কার্যালয় সফরের সময় এ অভিমত দেন। সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি কার্বনডেল (এসআইইউসি) ওহিওর কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির সহায়তায় দুই সপ্তাহের এ শিক্ষাসফরের আয়োজন করে। ‘ক্ষুদ্রঋণ ও বাংলাদেশের সামাজিক উন্নয়ন’ শীর্ষক দুই সপ্তাহের এ সফরে পাঁচটি মার্কিন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক ও ১৩ জন শিক্ষার্থী অংশ নেন। দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে বাংলাদেশে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খতিয়ে দেখাই এ সফরের মূল লক্ষ্য।গণমাধ্যমের বিকাশে সরকারের ভূমিকা, রাজনীতি ও ব্যবসার প্রভাব, ইন্টারনেটের প্রসার মুদ্রণ সংবাদমাধ্যমের বিকাশকে রুদ্ধ করছে কি না, জনসচেতনতা ও শিক্ষার বিকাশ, যুদ্ধাপরাধের বিচার, দেশের একটি ইতিবাচক ছবি তুলে ধরাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রথম আলোর ভূমিকা ও ভাবনা নিয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে প্রশ্ন করেন প্রতিনিধিদলের সদস্যরা। দেড় ঘণ্টার আলাপচারিতায় তিনি এসব প্রশ্নের উত্তর দেন। কয়েকটি প্রশ্নের উত্তর দেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। বাংলাদেশ সফরকারী প্রতিনিধিদলটির নেতা ও এসআইইউসির সমাজবিদ্যা স্কুলের পরিচালক ও অধ্যাপক মিজান আর মিয়া বলেন, অবাধ ও নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে প্রথম আলো নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে পাঠকদের কাছে বিশেষ আস্থার জায়গা তৈরি করেছে প্রথম আলো। প্রথম আলোর অর্জনের কথা বলতে গিয়ে এসআইইউসির শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন যুক্তরাজ্যের মর্যাদাসম্পন্ন দৈনিক গার্ডিয়ান-এর কথা উল্লেখ করেন। তিনি বলেন, দুটি পত্রিকাই সামাজিক উন্নয়নে একই ধরনের ভূমিকা রাখছে।উদ্বোধনী বক্তৃতায় মতিউর রহমান বলেন, অবাধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় নতুন ধারা প্রবর্তনের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা রাখছে প্রথম আলো। এ প্রসঙ্গে তিনি দুর্গত লোকজনের মাঝে ত্রাণ বিতরণ, ভাষা প্রতিযোগ, গণিত অলিম্পিয়াড, বছরের সেরা ক্রীড়াবিদ, শিল্পী, সাহিত্য পুরস্কারসহ এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল এবং মাদকবিরোধী প্রচারণার পাশাপাশি অদম্য মেধাবীদের সাহায্যার্থে প্রথম আলোর গৃহীত পদক্ষেপের বিষয়গুলো উল্লেখ করেন।