সামাজিক বিজ্ঞানের শিক্ষক পড়ান ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষকসহ বিষয়ভিত্তিক একাধিক শিক্ষকের পদ শূন্য থাকায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার গোড়াচাঁদ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।বিদ্যালয়ে সামাজিক বিজ্ঞানের একজন শিক্ষক ইংরেজি এবং কৃষি বিজ্ঞানের আরেকজন শিক্ষক কম্পিউটার বিষয়ে পাঠদান করেন।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৬৯৫ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের ১২টি পদের মধ্যে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, কম্পিউটার, সামাজিক বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের সাতটি পদ শূন্য রয়েছে। এর মধ্যে জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. ফরিদ উদ্দিন পাঁচ বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে তাঁকে বিদ্যালয়ের প্রশাসনিক ও বিদ্যালয় পরিচালনার কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। একজন বিজ্ঞান ও একজন গণিত শিক্ষক এখানে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত ও সাধারণ গণিত বিষয়ে পাঠদান করে থাকেন। বিদ্যালয়ে সামাজিক বিজ্ঞানের একজন শিক্ষক ইংরেজি এবং কৃষি বিজ্ঞানের একজন শিক্ষক কম্পিউটার বিষয়ে পাঠদান করেন। রুবেল কুমার সাহা নামের এক ব্যক্তিকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নেওয়া হয়েছে।এসএসসি পরীক্ষার্থী বিজ্ঞানের ছাত্র দীপু ও আশিস কুমার সূত্রধর বলে, ‘এখানে ইংরেজির শিক্ষক নেই। তাই আমাদের ইংরেজি পরীক্ষা দিতে সমস্যা হয়।’বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, অকৃতকার্য ছাত্রদের মধ্যে ৭০ শতাংশই ইংরেজি এবং বাকি ৩০ শতাংশ গণিত ও বিজ্ঞানে ফেল করছে।নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে বলে দ্রুত একটি সভা আহ্বান করার কথা বলেছি। ওই সভায় আমি শিক্ষক নিয়োগসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের ব্যবস্থা নেব।’ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন বলেন, ‘শিক্ষক-সংকটই বর্তমানে মূল সমস্যা। অবিলম্বে এখানে প্রধান শিক্ষকসহ সব শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার পাশাপাশি ইংরেজি, গণিত ও বিভিন্ন বিজ্ঞান বিষয়ে আরও কয়েকজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। অন্যথায় বিদ্যালয়টি টিকিয়ে রাখাই মুশকিল হয়ে পড়বে।’