সামাজিক বিপ্লব না হলে সুখ সর্বজনীন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন যত আওয়াজ ও তথ্য পাওয়া যায়, জ্ঞান ততটা পাওয়া যায় না। সুখকে সর্বজনীন করতে জ্ঞানের খুব দরকার, যে জ্ঞান আনন্দ দেবে। যে আনন্দ বিনোদনের চেয়ে বেশি। তখন মানুষ আর প্রয়োজনের জগতে আটকে না থেকে মুক্তির জগতে পৌঁছে যাবে।

গতকাল রোববার বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে এক স্মারক বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। ‘দর্শনের সুখানুসন্ধান’ শীর্ষক প্রথম কানিজ ফাতেমা মোহসিনা স্মারক বক্তৃতাটির আয়োজন করে সমাজ-রূপান্তর অধ্যয়ন কেন্দ্র।

কানিজ ফাতেমা মোহসিনা ছিলেন ব্রিটিশবিরোধী ও জমিদারবিরোধী জাতীয়তাবাদী নেতা সৈয়দ নওশের আলীর মেয়ে এবং কমিউনিস্ট পার্টির নেতা হায়দার আকবর খান রনোর মা। কানিজ ফাতেমা নিজেও বিপ্লবী রাজনৈতিক কর্মীদের বিভিন্ন সময় সহযোগিতা করেছেন। মুক্তিযুদ্ধের সময় আহত হয়েছিলেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি মারা যান।

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের দেশে জ্ঞানের চর্চা এখন অত্যন্ত দুর্দশাগ্রস্ত। জ্ঞানের চর্চা এখানে বাধা পায় ক্ষুধার কারণে। সমাজ ক্ষুধার্ত। অভিজাতদের ক্ষুধার চেহারা ভিন্ন।’ তিনি বলেন, সামাজিক বিপ্লব না হলে সুখ সর্বজনীন হবে না। উদারনীতিকেরা এই সর্বজনীনতায় আগ্রহী নন।

অধ্যাপক সিরাজুল ইসলাম আরও বলেন, ‘উপমহাদেশে আমরা যে অবস্থায় আছি, তা নৈরাজ্যজনক। এখানে রাজনৈতিক আন্দোলন হয়েছে, কিন্তু সমাজ পরিবর্তনের মূল আন্দোলনকে নিজের লক্ষ্য হিসেবে কেউ স্থির করেনি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। তিনি বলেন, বণিকেরা যখন রাজনৈতিক ক্ষমতায় থাকে, তখন সাধারণ মানুষের দুর্দশার অন্ত থাকে না। এ ব্যবস্থা থেকে বের হতে সামাজিক বিপ্লব ছাড়া আর কোনো উপায় নেই।