সামাজিক ব্যবসা হাইতির পুনর্গঠনে সহায়তা করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভূমিকম্প-বিধ্বস্ত হাইতির পুনর্গঠনে সামাজিক ব্যবসা বড় ধরনের হাতিয়ার হতে পারে। তিনি বলেন, হাইতির অর্থনীতি ও সামাজিক কাঠামোর পুনর্গঠনের ক্ষেত্রে এটি অসাধারণ প্রভাব রাখতে পারে।২০ সেপ্টেম্বর ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের এক অধিবেশনে হাইতির ভবিষ্যৎ অর্থনীতি ও সামাজিক কর্মোদ্যোগের ওপর বিস্তারিত আলোচনায় অংশ নিয়ে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস প্রেসিডেনশিয়াল ইকোনমিক অ্যাডভাইজরি কাউন্সিল অব হাইতির সদস্য। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউরাইবও এ পর্ষদের সদস্য।ড. মুহাম্মদ ইউনূস ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে এমডিজি অ্যাডভোকেসি গ্রুপের বৈঠকেও যোগ দেন। রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে বৈঠকে সভাপতিত্ব করেন। কাগামে জাতিসংঘ মহাসচিবের গঠিত এ গ্রুপের কো-চেয়ার।বৈঠকে গ্রুপের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মপরিকল্পনার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক ব্যবসার উদ্যোগের বিষয়টি রয়েছে।পৃথক এক অনুষ্ঠানে ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট লুইস আলবার্তো মোরেনোর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন মুহাম্মদ ইউনূস। হাইতিতে যৌথ প্রকল্প নেওয়ার জন্য এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।হাইতির জন্য ইতিমধ্যেই একটি সামাজিক ব্যবসা তহবিল গঠন করা হয়েছে। দেশটিতে যাঁরা সামাজিক ব্যবসা শুরু করতে চান, তাঁদের এ তহবিল থেকে অর্থ দেওয়া হবে। ২২ সেপ্টেম্বর ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের ‘এনগেজিং বয়েজ অ্যান্ড ম্যান এজ এলাইজ ফর লং-টার্ম চেঞ্জ’ শীর্ষক এক পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস।এ ছাড়া ড. মুহাম্মদ ইউনূস বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট পিটার এসটোয়ানভের সঙ্গেও সাক্ষাৎ করেন। এসটোয়ানভ বুলগেরিয়ার সামাজিক ব্যবসা শুরুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। বুলগেরিয়ায় সামাজিক ব্যবসার সম্ভাবনা খতিয়ে দেখতে ড. মুহাম্মদ ইউনূসকে বুলগেরিয়া সফরের আমন্ত্রণ জানান পিটার এসটোয়ানভ। উল্লেখ্য, ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মুহাম্মদ ইউনূস নিউইয়র্ক সফর করেন। বিজ্ঞপ্তি।