সামাজিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আইন মেনেই পরিচালিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসা সম্পর্কে সচিবালয়ে সম্প্রতি কিছু মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় অর্থমন্ত্রীর এসব মন্তব্য প্রকাশিত হয়েছে। গত মঙ্গলবার ইউনূস সেন্টার এ বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে। মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসার প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই—অর্থমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইউনূস সেন্টার বলেছে, সব সামাজিক ব্যবসাপ্রতিষ্ঠানই যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ে নিবন্ধিত হয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন নিয়ে পরিচালিত হচ্ছে। প্রতিবছর এগুলোর নিরীক্ষা করা হয় এবং নিয়মিত কর দেওয়া হয়।ড. ইউনূস বিদায় নিলে এসব প্রতিষ্ঠানের কী হবে—অর্থমন্ত্রীর এ কথার প্রসঙ্গে বলা হয়, প্রতিটি প্রতিষ্ঠানই আইন মেনে প্রতিষ্ঠিত এবং এদের আলাদা ব্যবস্থাপনা কাঠামো রয়েছে। দেশের অন্য কোম্পানিগুলো যেভাবে পরিচালিত হয়, এগুলোও সেভাবেই পরিচালিত হবে।ড. ইউনূস শক্তি দই বিক্রি করে সামাজিক ব্যবসায় বিনিয়োগ করলেও এগুলো অলাভজনক উদ্যোগ— অর্থমন্ত্রীর এই উক্তির বিষয়ে ইউনূস সেন্টারের বক্তব্য হলো, শিশুর অপুষ্টি দূর করতে শক্তি দই উৎপাদন করে গ্রামীণ-ডানোন। অন্য সামাজিক ব্যবসার মতো এটিও লাভজনক। তবে মালিকপক্ষ এখান থেকে শুধু বিনিয়োগের অর্থ ফেরত নেয়, মুনাফা নেয় না। সামাজিক ব্যবসাকে অলাভজনক মনে করা ভুল।অধ্যাপক ইউনূস গ্রামীণফোন থেকে যে লভ্যাংশ পেয়েছেন, তার প্রায় সবটাই ব্যয় করেছেন সামাজিক ও ব্যবসায়িক কোম্পানিতে—অর্থমন্ত্রীর এই মন্তব্যের বিষয়ে বলা হয়, অধ্যাপক ইউনূস নন, গ্রামীণফোনের স্বত্বাধিকারী হিসেবে এর লভ্যাংশ পেয়েছে গ্রামীণ টেলিকম। আর গ্রামীণ টেলিকমকে এই অর্থ দিয়েছিল গ্রামীণ টেলিকম ট্রাস্ট। ট্রাস্ট এই অর্থের কিছুটা বিনিয়োগ করেছিল, ব্যয় করেনি।যখন ড. ইউনূস গ্রামীণফোন প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি বলেছিলেন, গ্রামীণফোনের মুনাফা যাবে গ্রামীণ ব্যাংকে, কিন্তু গ্রামীণ ব্যাংক সেই লাভ পায়নি। অর্থমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইউনূস সেন্টার জানায়, অর্থ কাকে দেওয়া হবে—এ বিষয়ে গ্রামীণফোন কখনোই সরকারের সঙ্গে চুক্তি করেনি। সরকার গ্রামীণফোনকেই লাইসেন্স দিয়েছিল, ইউনূসকে নয়। যদি লাইসেন্স পাওয়ার পূর্বশর্ত থাকত, সেটা লাইসেন্স-সংক্রান্ত চুক্তিতেই উল্লেখ থাকত এবং সেই শর্ত ভঙ্গের জন্য কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারত সরকার। আমাদের জানামতে, এমন কোনো পূর্বশর্ত নেই, যা আরোপ করা হয়েছিল। কোনো পূর্বশর্ত থাকলেও গ্রামীণফোনের বিরুদ্ধে তা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিতে পারত সরকার। কিন্তু তা নেয়নি।গত ২০ বছরে গ্রামীণ ব্যাংক ২০০ কোটি টাকা পেয়েছে গ্রামীণফোন থেকে, বাকি অর্থ গেছে সামাজিক ব্যবসা-সংশ্লিষ্ট প্রকল্পে—অর্থমন্ত্রীর এই মন্তব্যের জবাবে বলা হয়, গ্রামীণফোনে গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ার নেই। গ্রামীণ ব্যাংক গ্রামীণফোনের শেয়ারহোল্ডার নয়, তাহলে গ্রামীণফোন কেন গ্রামীণ ব্যাংককে অর্থ দেবে? তা-ও আবার ২০০ কোটি টাকা! স্বত্বাধিকারী হিসেবে গ্রামীণ টেলিকমই পাবে গ্রামীণফোনের লভ্যাংশ।সব কোম্পানির প্রধানদের ড. ইউনূস তাঁর পছন্দ অনুযায়ী নির্বাচিত করেছেন—এ প্রসঙ্গে ইউনূস সেন্টার বলেছে, গ্রামীণের সব কোম্পানির প্রধান সংশ্লিষ্ট কোম্পানির পর্ষদের সিদ্ধান্ত এবং কোম্পানি আইন অনুসারে নিয়োগপ্রাপ্ত হন। বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া-সংক্রান্ত অধ্যাপক ইউনূসের পরামর্শ অবাস্তব বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। এর ব্যাখ্যায় ইউনূস সেন্টার বলেছে, ড. ইউনূসের মতে, বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ঘণ্টায় ৫০ সেন্ট হতে পারে গ্রহণযোগ্য মজুরি। সরকার বা কাউকে এই মজুরি আরোপ করতে বলেননি ইউনূস। ক্রেতারা যেন ন্যূনতম মজুরির ধারণাটি স্বেচ্ছায় গ্রহণ করেন, এ ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন তিনি। তাঁর ধারণাটি আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছে।