সামাজিক ব্যবসার আওতায় ১২০০ প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক অডিটোরিয়ামে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ৯২তম সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব। এতে বিভিন্ন শ্রেণি-পেশার দেশ-বিদেশের প্রায় ১৫০ জন মানুষ অংশগ্রহণ করেন, যাঁদের অধিকাংশই ছিলেন বিদেশি দর্শক, ব্যবসায়ী, পেশাদার এবং শিক্ষার্থী। এর বাইরে দেশ-বিদেশের আরও অনেকে ইন্টারনেটের লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন বলে ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় তিনি সামাজিক ব্যবসা, নবীন উদ্যোক্তা এবং ডিজাইন ল্যাবের প্রক্রিয়া ব্যাখ্যা করেন। তিনি জানান, এ পর্যন্ত ৯২টি ডিজাইন ল্যাবের মাধ্যমে মোট ১ হাজার ২৩৫ প্রকল্প অনুমোদিত হয়, যার অধিকাংশই এখন বাস্তব ব্যবসায় রূপান্তরিত হয়েছে।
এবারের ডিজাইন ল্যাবে ছয়টি নবীন উদ্যোক্তা পরিকল্পনা উপস্থাপিত হয়। উদ্যোক্তারা গ্রামীণ ব্যাংক ঋণগ্রহীতা পরিবারের সন্তান। এসব নবীন উদ্যোক্তা ও তাঁদের ব্যবসাগুলো হলো বীথি বেগমের বর্ষা হ্যান্ডি ক্র্যাফটস, শরিফা খাতুনের বিবিয়ানা বিউটি পারলার, সোহানি আক্তার ঝুমুরের সোহানি ফ্যাশন টেইলার্স, মো. রিয়াজুল ইসলামের রজনীগন্ধা লেয়ার ফার্ম, মো. কামরুজ্জামানের মাহিম এন্টারপ্রাইজ এবং মো. রাজীব হোসেনের রাজীব বাঁশ হাউস। এসব পরিকল্পনার ওপর দীর্ঘ পর্যালোচনা শেষে ছয়টি প্রকল্পকেই অনুমোদন দেওয়া হয়। ইউনূস সেন্টার জানিয়েছে, পরবর্তী ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হবে আগামী ২৯ আগস্ট।