
দেশ-বিদেশের প্রায় দেড় শ ব্যক্তির অংশগ্রহণে ইউনূস সেন্টার আয়োজিত সামাজিক ব্যবসার ১০৭তম ডিজাইন ল্যাব গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গ্রামীণ ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, ডিজাইন ল্যাবের মাধ্যমে এ পর্যন্ত দেড় হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে।
ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্বাগত বক্তব্যে তিনি ডিজাইন ল্যাবের প্রক্রিয়া ব্যাখ্যা করার পাশাপাশি উদ্যোক্তাদের সামাজিক ব্যবসার পরিকল্পনাগুলো পর্যালোচনা ও মূল্যায়ন করেন। তিনি বলেন, ২০১৩ সালের জানুয়ারিতে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত ১০৭টি ল্যাবে সব মিলিয়ে ১ হাজার ৫৫৩টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে বিনিয়োগের জন্য ১ হাজার ৫২৮টি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পগুলোর বেশির ভাগই ইতিমধ্যে চালু হয়ে গেছে।
শনিবারের ল্যাবে নতুন ছয়টি সামাজিক ব্যবসার পরিকল্পনা উপস্থাপন করা হয়। এর মধ্যে চারটি ছিল নবীন উদ্যোক্তাদের ব্যবসা। এগুলো উপস্থাপন করেন কয়েকজন তরুণ উদ্যোক্তা, যাঁরা গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা পরিবারগুলো থেকে আসা। বাকি দুটি ছিল অতিথি প্রকল্প। এসব প্রকল্পের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় ব্যবসার পরিকল্পনা তুলে ধরা হয়। নবীন উদ্যোক্তা প্রকল্পগুলো হলো জান্নাত ফেব্রিকস, পারুল বিউটি পারলার, মাহমুদা লেডিস কর্নার ও নয়ন ডিপার্টমেন্টাল স্টোর। অতিথি প্রকল্প দুটির একটি হলো গুয়াতেমালায় উপকূলীয় টেকসই আবাসনের ওপর সামাজিক ব্যবসা। অন্যটি ‘ছবি উদ্যোক্তা’ নামের একটি প্রকল্প।
প্রতিটি প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন তাদের উদ্যোক্তারা। ছয়টি প্রকল্পই বিভিন্ন সামাজিক ব্যবসার তহবিলের মাধ্যমে অর্থায়নের জন্য অনুমোদিত হয়েছে।
অনুষ্ঠানের শেষে অধ্যাপক ইউনূস সৃজনশীল সব সামাজিক ব্যবসার পরিকল্পনা উপস্থাপনের জন্য অংশগ্রহণকারীদের ধন্যবাদ দেন। অনেক ধারণাই এখন বাস্তব রূপ নিয়েছে, এ কথা উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ১০৮তম ডিজাইন ল্যাবে যোগ দিতেও অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান ড. ইউনূস। বিজ্ঞপ্তি।