দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা সামাজিক ব্যবসার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সিউল সফরকালে তাঁরা এ আগ্রহ প্রকাশ করেন। দক্ষিণ কোরিয়ার জিয়োংজি প্রদেশের গভর্নর কিম মুন-সু অধ্যাপক ইউনূসের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। তিনি বাংলাদেশে ইউনূস সেন্টারের সঙ্গে যৌথ মালিকানায় একটি সামাজিক ব্যবসার তহবিল গঠনের আগ্রহ প্রকাশ করেন। সফরকালে অধ্যাপক ইউনূস বিশ্বব্যাপী কীভাবে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন করা যায়, সে বিষয়ে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের সরকারি ও বিরোধী দলের সদস্যের সঙ্গে বৈঠক করেন। তাঁরা এমডিজি অর্জনে সামাজিক ব্যবসা কর্মসূচির সম্প্রসারণ নিয়ে এই নোবেলজয়ীর সঙ্গে আলোচনা করেন। বৈঠকে দক্ষিণ কোরিয়ায় ক্ষুদ্রঋণ কার্যক্রম চালুর ব্যাপারেও আলোচনা হয়। জাতিসংঘের এমডিজি অ্যাডভোকেসি গ্রুপের সদস্য রাষ্ট্রদূত দো ইয়ং-শিম পার্লামেন্ট সদস্যদের নিয়ে এক বৈঠকের আয়োজন করেন। গ্রুপটি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের নেতৃত্বে বিশ্বব্যাপী এমডিজি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।এ ছাড়া অধ্যাপক ইউনূস ইউহা উইমেন্স বিশ্ববিদ্যালয়ের ইউহা সেন্টার ফর পিস স্টাডিজ আয়োজিত একটি অনুষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রমের ওপর বক্তব্য দেন। অধ্যাপক ইউনূস ১৪ থেকে ১৬ আগস্ট দক্ষিণ কোরিয়া সফর করেন। ইউএনবি।