যাঁরা সামাজিক ব্যবসায় আগ্রহী, তাঁরা সরকারের কাছে কর মওকুফের মতো সুবিধা ও সহায়তা কখনোই চাইতে পারবেন না। সরকার সামাজিক ব্যবসার সঙ্গে জড়িত হতে পারবে না। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সামাজিক ব্যবসার উদ্যোক্তা নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস গতকাল শুক্রবার জার্মানির ভলফসবুর্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ফক্স ওয়াগন গ্রুপের অটোস্ট্যাডট্ লাউঞ্জ-২-এ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ব সামাজিক ব্যবসার সম্মেলন সম্পর্কে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ভলফসবুর্গে গ্লোবাল সোশ্যাল বিজনেস সম্মেলন শুরু এবং গতকাল শুক্রবার তা শেষ হয়। খবর ইউএনবির। মুহাম্মদ ইউনূস বলেন, সামাজিক ব্যবসার জন্য সরকারের কাছে থেকে বিশেষ কোনো সুবিধা কখনোই চাওয়া যাবে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকার যদি সামাজিক ব্যবসার জন্য কর মওকুফের মতো বিশেষ সুবিধা দেয়, তাহলে অনেক লোকই সামাজিক ব্যবসার নামে এ সুবিধা নিতে এতে শামিল হবেন। কাজেই কোনো দেশের সরকারের সামাজিক ব্যবসা সঙ্গে জড়িত হওয়া অবশ্যই ঠিক হবে না। হ্যানোভার থেকে সরাফ আহমেদ জানান, ভলফসবুর্গে অনুষ্ঠিত এই সম্মেলন ছিল জার্মানিতে দ্বিতীয়বারের মতো সোশ্যাল বিজনেস সম্মেলন। সমগ্র পৃথিবী থেকে শিক্ষক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ছাত্র, সাংবাদিকসহ প্রায় আড়াই শ বিশিষ্ট নাগরিক এতে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মুহাম্মদ ইউনূস ও ব্রাজিলের প্রখ্যাত লেখক পাউলো কয়েলো। উল্লেখ্য, ইতিমধ্যেই জার্মানির বিসবাডেন শহরে মুহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেস মডেল ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব নামের প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।