জলবায়ু পরিবর্তনের ইস্যুতে কার্যকর ভূমিকা রাখতে সামাজিক মিডিয়ার সঙ্গে সমন্বয় করেই মূলধারার সাংবাদিকতা চর্চা করতে হবে। তাই সামাজিক মিডিয়ার তথ্যকে গুরুত্ব দিতে হবে। সাংবাদিকতার ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও গণমাধ্যমে জলবায়ু পরিবর্তন প্রসঙ্গ নিয়ে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে গতকাল শনিবার বক্তারা এসব কথা তুলে ধরেন। কক্সবাজার সমুদ্রসৈকত পারের তারকা হোটেল ওশেন প্যারাডাইসের সম্মেলনকক্ষে গত শুক্রবার এ সম্মেলনের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত র্যা গনে বার্টে লান্ড। র্যা গনে বার্টে লান্ড বলেন, জলবায়ু পরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতিতে সংবাদমাধ্যমগুলোকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সমাপনী দিনে জলবায়ু পরিবর্তন ও পরিবর্তিত পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আখতার সুলতানা, মিডিয়া ক্লাইমেট নেটওয়ার্কের কো-চেয়ারম্যান এলিজাবেথ আইডে ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মফিজুর রহমান প্রমুখ। বিশ্বের ২২টি দেশের অর্ধশত সাংবাদিক, শিক্ষক ও পরিবেশ গবেষক সম্মেলনে অংশগ্রহণ করেন।