
‘রোল অব কমিউনিকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, এমন কোনো বিজ্ঞাপন প্রচার করা উচিত নয়, যা প্রচলিত সামাজিক মূল্যবোধকে আঘাত করে। এ ক্ষেত্রে গণমাধ্যমকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।
প্রথম আলোর সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত বৃহস্পতিবার প্রথম আলোর কার্যালয়ে এ গোলটেবিলের আয়োজন করে।
স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ বলেন, যোগাযোগের ভাষা ও পদ্ধতি সঠিক হওয়া জরুরি। অনেক সময় যা বোঝাতে চাওয়া হয়, তার ব্যাখ্যা ভুল করা হয়।
অন্য প্রতিষ্ঠানের বিজ্ঞাপন অনুকরণের বিষয়টি বন্ধ হওয়া উচিত বলে মনে করেন বিকাশের হেড অব মার্কেটিং সানিয়া মাহমুদ। তিনি বলেন, সামাজিক সচেতনতামূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রে দেওয়া বিজ্ঞাপনগুলো শিশুদের বোধগম্য হতে হবে। কোনো বিষয়ে অভ্যাসগত পরিবর্তন চাইলে তা শিশুদের দিয়েই শুরু করা উচিত বলে মত প্রকাশ করেন তিনি।
সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগমাধ্যমগুলোর অনেক দূরত্ব রয়েছে বলে মনে করেন বিজ্ঞাপনী সংস্থা গ্রের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাউসুল আলম। তিনি বলেন, বেশির ভাগ মানুষ কী চায়, তা বিজ্ঞাপন তৈরির সময় চিন্তা করা হয় না। এ কারণেই বিজ্ঞাপনে বাস্তব জীবনের চিত্র ফুটে ওঠে না।
সরকারি পর্যায়ে প্রচারণা চরম উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি সরকারের সাফল্য নিয়ে করা বিলবোর্ডগুলো ছিল খুব দুর্বল ধরনের। এতে যে নিজেদের ক্ষতি হয়, তা তারা বোঝে না।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাস চৌধুরী বলেন, মানুষের কাছে সামাজিক বক্তব্য পৌঁছানোর ক্ষেত্রে ‘মীনা’ কার্টুন ভালো উদাহরণ। এ ধরনের কাজ আরও হওয়া উচিত। তিনি আরও বলেন, ‘সম্প্রতি সরকারের সাফল্যের কথা উল্লেখ করে তৈরি বিলবোর্ডগুলোয় এত তথ্য ছিল যে পড়তেই ইচ্ছা করেনি। এ জন্য প্রচারণা পরিচ্ছন্ন হওয়া উচিত।’
চাকচিক্য বনাম কার্যকারিতা—এর কোনটা জরুরি, সেটা বোঝা দরকার। এ মন্তব্য করে বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ডের চেয়ারম্যান ও ক্রিয়েটিভ চিফ মুনির আহমেদ খান বলেন, কিছু বিজ্ঞাপন আছে, যা দেখে কিসের বিজ্ঞাপন বোঝাই যায় না। সব ধরনের বিজ্ঞাপনে নৈতিক মানদণ্ড বজায় রাখা হয় না বলেও জানান তিনি।
ইন্টারনেটে সার্চ ইঞ্জিন গুগলের এদেশীয় পরামর্শক কাজী মনিরুল কবির বলেন, ভালো বিজ্ঞাপন বানাতে হলে প্রবল উৎসাহ ও উদ্দেশ্য পরিষ্কার থাকার পাশাপাশি দক্ষতাটাও জরুরি। তিনি বলেন, ‘আমাদের দক্ষতায় একটা বিশাল শূন্যতা আছে। এ ছাড়া ভালো মানের কাজ করতে গেলে গবেষণা থাকতে হবে।’
বিজনেস কনসালটেন্ট আশরাফ বিন তাজ বলেন, শিক্ষাক্রমে যোগাযোগের বিষয়টি আলাদাভাবে অন্তর্ভুক্ত থাকা উচিত। যোগাযোগের ভাষা খুবই গুরুত্বপূর্ণ। যেমন বিজ্ঞাপনে মিথ্যা বলাকে উৎসাহিত করা হচ্ছে কি না, প্রচলিত মূল্যবোধের বাইরে কিছু থাকছে কি না, এগুলো নজরে নিতে হবে।
যোগাযোগের জন্য মানুষের মনস্তত্ত্ব নিয়ে গবেষণার কথা উল্লেখ করে ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, বিশ্বজুড়ে অনেক সফল সামাজিক প্রচারণার পেছনে মনস্তাত্ত্বিক গবেষণা রয়েছে।
বৈঠকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সংবাদপত্র, টেলিভিশন, বিজ্ঞাপনী সংস্থাসহ সব ধরনের গণমাধ্যম ও যোগাযোগকারী প্রতিষ্ঠানের একধরনের সার্বিক মানদণ্ড বজায় রাখা উচিত, যাতে প্রচলিত সামাজিক মূল্যবোধবিরোধী কোনো বক্তব্য উৎসাহিত না হয়।