সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি বেড়ে চলেছে
ইন্টারনেটে ব্যক্তির আপত্তিকর ছবি বা ভিডিও ছড়ানোর ঘটনা দেশে ক্রমেই বাড়ছে। এ ছাড়া ঘটছে ধর্মীয় ও রাজনৈতিকভাবে বিদ্বেষমূলক প্রচারণার ঘটনা৷ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, অভিযোগগুলোর ৭৫ শতাংশই সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুককেন্দ্রিক।
ইন্টারনেটের পরিসরে সংঘটিত অপরাধ শনাক্ত ও প্রতিরোধে বিটিআরসি ‘বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম বা বিডি-সিএসআইআরটি’ নামের একটি সেল করেছে৷ এই সেলে গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত নয় মাসে মোট ৭৭টি লিখিত অভিযোগ জমা পড়েছিল। আর চলতি বছরের প্রথম চার মাসেই এর সংখ্যা ৮০ ছাড়িয়েছে। মৌখিক অভিযোগের সংখ্যাও অনেক।
বড় ভুক্তভোগী নারীরা: বিটিআরসিতে অভিযোগকারীদের বেশির ভাগ ছাত্রী বা পেশাজীবী নারী। বিশেষ করে যৌন হয়রানির কারণে পরিবারে এবং সমাজে বিব্রত ও হেনস্তা হচ্ছেন তাঁরা। বিটিআরসিতে দেওয়া অভিযোগের ৭৫ শতাংশের উৎস ফেসবুক, ১৫ শতাংশ অভিযোগ বিভিন্ন ব্লগ ও পর্নো সাইটের বিরুদ্ধে। বাকি ১০ শতাংশ ধর্মীয় ও রাজনৈতিক ‘বিদ্বেষমূলক’ তথ্য ছড়ায় এমন সাইটের বিরুদ্ধে৷ এ ছাড়া ই-মেইলে হুমকি এবং ওয়েবসাইট হ্যাক করার অভিযোগও রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিটিআরসি গত দুই বছরে তিন শতাধিক ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে৷
বিটিআরসির হিসাবে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তিন কোটি ৭০ লাখ। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নিয়ে বিশ্লেষণী কাজ করা ওয়েবসাইট ‘সোশ্যালবেকারসে’র হিসাবে বাংলাদেশে বর্তমানে ৩৩ লাখেরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করছেন।
এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সম্প্রতি বিটিআরসি কার্যালয়ে গেলে এ প্রতিবেদক সেখানে একজন ভুক্তভোগী অভিভাবকের দেখা পান৷ ওই ব্যক্তি জানান, তাঁর ভাগনির নাম ও ছবি দিয়ে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপত্তিকর ছবি ছড়ানো হচ্ছে।
কিছুদিন আগে একটি পর্নো সাইটে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ছবি ও মুঠোফোনের নম্বর তুলে দেওয়া হয়। এরপর তাঁর কাছে একের পর কল আসতে থাকে৷ শেষ পর্যন্ত ফোন¯নম্বর বদলাতে বাধ্য হন মেয়েটি।
আইন হয়েছে, এ পর্যন্ত শাস্তি নেই: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন, ২০১৩-এর ৫৭ ধারায় বলা হয়েছে, ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে মিথ্যা ও অশ্লীল কিছু প্রকাশ করলে এবং তার কারণে মানহানি, আইনশৃঙ্খলার অবনতি, ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে বা কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উসকানি দেওয়া হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে৷ এর জন্য ন্যূনতম সাত বছর এবং সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের বিধান রয়েছে৷ এ আইনে কয়েকটি মামলা হয়েছে৷ তবে এখন পর্যন্ত কারও শাস্তি হয়নি৷
সাইবার পরিসরে অপরাধ মোকাবিলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ একটি সাইবার ক্রাইম ইউনিট করেছে৷ বিষয়টি উল্লেখ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের মো. মাসুদুর রহমান বলেন, সংশ্লিষ্ট আইনের ৫৭ ধারার অপরাধগুলো আমলযোগ্য হওয়ায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা এখন সহজ৷
বিটিআরসির তৎপরতা ও সীমাবদ্ধতা: বিটিআরসির একজন সাইবার অপরাধ বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেন, যে সাইটের বিরুদ্ধে অভিযোগ আসে, তাদের প্রথমে ছবি বা ভিডিওটি সরিয়ে ফেলার অনুরোধ করা হয়। তারা সাড়া না দিলে ওই ওয়েবসাইটটি যেন বাংলাদেশে দেখা না যায়, সে ব্যবস্থা করা হয়৷ তবে কোনো ব্যক্তির ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হলে অনেক সময় আবার নতুন অ্যাকাউন্ট খুলে একই কাজ করা হয়৷
ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (স.)কে অবমাননা করে নির্মিত একটি মার্কিন চলচ্চিত্রের ফুটেজকে কেন্দ্র করে ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর থেকে গত বছরের ৫ জুন পর্যন্ত আট মাস বাংলাদেশ থেকে ইউটিউবে ঢোকা বন্ধ রেখেছিল বিটিআরসি। এর আগে ২০১০ সালের ২৯ মে ফেসবুকও এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছিল।
বিটিআরসির উল্লিখিত বিশেষজ্ঞ জানান, ২০১২ সালের মার্চ থেকে বিডি-সিএসআইআরটি সেলের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত ৩১৭টি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে৷ বর্তমান প্রযুক্তিগত সক্ষমতায় তাঁদের পক্ষে ওয়েবসাইট পুরোপুরি বন্ধ করা ছাড়া আপত্তিকর উপাদানের প্রচার বন্ধ করা সম্ভব নয়৷
বিটিআরসি সূত্র জানায়, এ পর্যন্ত তাদের অভিযোগগুলোর মধ্যে একটির ব্যাপারে সাড়া দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। কিছুদিন ধরে ফেসবুকে অভিযোগ পাঠানো হচ্ছে দেশের রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে৷ এরপর সামাজিক-রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষমূলক তথ্য ছড়ানোর অভিযোগগুলোর সুরাহা হয়। তবে নারীর হয়রানির বিষয়গুলোতে সেভাবে সাড়া মিলছে না। বিটিআরসির সংশ্লিষ্ট সেলের একজন সদস্যের মতে, ফেসবুক কর্তৃপক্ষকে চাপ দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান আইন একটি বাধা। তিনি বলেন, ‘ফেসবুকে যৌন হয়রানির বিষয়টি স্পষ্টতই সাইবার অপরাধ, কিন্তু বাংলাদেশের টেলিকম আইনে এর কোনো উল্লেখ নেই।’
প্রতিকারের একটি উপায়: ফেসবুক ওয়েবসাইটে ‘রিপোর্ট আ ভায়োলেশন অব দ্য ফেসবুক টার্মস’ এই অপশনে গিয়ে অভিযোগের ব্যবস্থা আছে৷ অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রেও তা করা যেতে পারে৷ বিটিআরসির মিডিয়া, পাবলিকেশনস ও আইটি বিভাগের পরিচালক সরওয়ার আলম জানান, তাঁদের বিশেষ সেলের ঠিকানা [email protected] এবং বিটিআরসির ওয়েবসাইটে ‘কমপ্লেইন’ অপশনে গিয়েও অভিযোগ করা যায়৷ তিনি আরও জানান, এসব অপরাধ ঠেকানোর জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। তখন ইন্টারনেটের কোনো মাধ্যম সম্পূর্ণ বন্ধ করার দরকার হবে না। ‘ইন্টারনেট সেফটি সল্যুশন’ নামের এই প্রকল্পের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে৷