সামাজিক যোগাযোগমাধ্যম ও তরুণদের কিছু ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, লিংকডইন ইত্যাদি এই নামের সঙ্গে এই যুগে আজ কে না পরিচিত! আধুনিক প্রযুক্তির কল্যাণে ও সহজলভ্যতার ব্যাপকতা আজকালকার সমাজে গ্রাম থেকে শহরে প্রায় সব তরুণ–তরুণীর হাতেই রয়েছে রকমারি মোবাইল সেটের বাহার, ট্যাবলয়েড, ল্যাপটপ প্রভৃতি। ডিজিটাল প্রযুক্তি বিপ্লবের এই যুগে তরুণ–তরুণীদের সিংহভাগই তাদের নিজেদের হারিয়ে ফেলছে ডিজিটাল ডিভাইসের কুয়াশার ভিড়ে। 

আজকের পৃথিবীতে স্ক্রিন আসক্তি বা নেট আসক্তিকে তুলনা করা হচ্ছে জীবনগ্রাসী মাদকাসক্তির সঙ্গে। বিশ্বজুড়ে বাঘা বাঘা প্রযুক্তি বিশ্লেষক প্রযুক্তি আসক্তির অশনিসংকেত দিচ্ছেন জোরালোভাবে। কিন্তু কে শুনে কার কথা! রঙিন চশমা পরে প্রত্যেকেই আনন্দে আটখানা।
প্রযুক্তির কল্যাণকর দিকগুলো অবশ্যই অস্বীকার করা যাবে না। সকাল থেকে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবেই প্রযুক্তির কল্যাণকর দিকগুলো গ্রহণ করছি। তবে নিজেদের অজান্তেই কিছু অকল্যাণকর দিকেও জড়িয়ে ফেলছি নিজেদের। এখন সময় এসেছে এর অকল্যাণকর দিকগুলো সম্পর্কে সচেতন হওয়ার।
দারুণ সুকৌশলে সোশ্যাল মিডিয়াগুলো আমাদের তরুণ–তরুণীদের মগজ ধোলাই করে তাদের সবটুকু মনোযোগ কেড়ে নিয়ে নিবদ্ধ করছে প্রতিদিনকার পোস্ট, লাইক, শেয়ার আর কমেন্টে। যেন জীবনের গণ্ডি আঙুলের ছাপের কিছু লাইক, শেয়ার আর কমেন্ট সেকশনে সীমাবদ্ধ হয়ে পড়ছে। এই সোশ্যাল মিডিয়াগুলো তরুণ সমাজের যেমন উপকার করছে, তেমনি তাদের নিজেদের অজান্তে তাদের ঠেলে দিচ্ছে কিছু অন্ধকার দিকে। সোশ্যাল মিডিয়া তরুণ সমাজে যেসব ক্ষতি ডেকে আনছে, এর মধ্যে কয়েকটি হলো:

সামাজিক নিঃসঙ্গতা
লেখাপড়ায় থাকা তরুণ–তরুণীদের একটা বিশাল অংশই দিনের বেশির ভাগ সময় পড়ে থাকে সোশ্যাল মিডিয়া নিয়ে। সামাজিকভাবে সশরীরে আন্তযোগাযোগ কমে যাচ্ছে; যার ফলে সম্পর্কগুলোর ক্ষেত্রে আর পূর্বেকার রিয়েল লাইফের ইমোশনগুলো খুঁজে পাচ্ছে না। মনের মধ্যে ধীরে ধীরে বাড়ছে সামাজিক নিঃসঙ্গতা। ফলে আরও বেশি করে জড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

সৃজনশীলতা হ্রাস
একজন তরুণ কিংবা তরুণী যখন ঘণ্টার পর ঘণ্টা নিজের মস্তিষ্কের ব্যবহার না করে অন্যের ওপর নির্ভর করে সস্তা বিনোদন লুফে নিচ্ছে এবং লাইক, শেয়ার আর কমেন্ট সেকশনে নিজের মনকে সেটআপ করে নিচ্ছে, তখন তার নিজের অজান্তেই তার মস্তিষ্কের সৃজনশীলতা কমে যাচ্ছে।

সক্রিয়তা হ্রাস
সোশ্যাল মিডিয়ার প্রতি তীব্র টান তরুণ–তরুণীদের বাধ্য করছে একটানা স্ক্রিনের সামনে বসে থাকতে। অর্থহীন সময় কাটছে। প্রোডাকটিভ কিছুই হচ্ছে না। তাদের চিন্তাশক্তি আর কর্মশক্তি চলে যাচ্ছে অন্যের দখলে। তাই একসময় এসে তারা নিজেদের নিষ্ক্রিয় জড় বস্তু হিসেবে খুঁজে পাচ্ছে।
হয়তো সেই দিন আর বেশি দূরে নয়, যখন মাদকাসক্তি নিরাময়ের মতো করে স্ক্রিন বা নেট বা সোশ্যাল মিডিয়া আসক্তির জন্যও নিরাময় সেন্টার খুলতে হবে। খুঁজতে হবে কার্যকর সমাধান। তাই আসুন বেলা ফুরাবার আগেই সচেতন হই, যেন সোশ্যাল মিডিয়া নয়; বরং আমরাই সোশ্যাল মিডিয়াকে নিজেদের প্রয়োজনমতো নিয়ন্ত্রণ করছি।