সামাজিক যোগাযোগের মাধ্যম খুলে দেওয়ার দাবি
নিরাপত্তার অজুহাতে অনির্দিষ্টকাল সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অবিলম্বে সামাজিক গণমাধ্যম খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে দলটি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলটির রাজনৈতিক কমিটির সভায় সরকারকে এ আহ্বান জানান দলটির নেতারা। পরে গণমাধ্যমে দলটির বক্তব্য সংবাদ বিজ্ঞপ্তি আকারে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পর যদি সামাজিক যোগাযোগের মাধ্যম খুলতে হয়, তাহলে অদূর ভবিষ্যতে সামাজিক যোগাযোগের মাধ্যম খোলার কোনো সম্ভাবনা নেই। সরকারি এই তৎপরতা নাগরিকদের সাধারণ গণতান্ত্রিক অধিকার হরণ। মাথাব্যথার জন্য আমরা মাথা কেটে ফেলার নামান্তর।
দেশব্যাপী পরিচালিত অভিযানে গণগ্রেপ্তারের সমালোচনা করা হয়। বলা হয়, যৌথ অভিযানে প্রকৃত সন্ত্রাসী ও অপরাধীদের তুলনায় সাধারণ মানুষই বেশি হয়রানির শিকার হচ্ছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, মুখলেছুর রহমান, আকবর খান ও আবু হাসান টিপু।