সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর যথেচ্ছভাবে ব্যবহার বেড়ে যাওয়ায় ইতিবাচক ঘটনার পাশাপাশি ঘটছে নেতিবাচক ঘটনাও। যোগাযোগের মাধ্যমগুলোর অপব্যবহারে উন্নত দেশগুলোর চেয়ে সহিংসতার মাত্রা বাড়ছে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে। এর প্রধান কারণ সঠিক শিক্ষার অভাব। ফেসবুক, টুইটার, ইউটিউবসহ এসব সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহারের জন্য ব্যবহারকারীদের মানসিকভাবে পরিপক্বতার প্রয়োজন রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দ্য ডেইলি স্টার চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলনকক্ষে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত ‘তথ্যপ্রাপ্তির অধিকারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যোগাযোগ মাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় আলোচকেরা এ কথা বলেছেন। আলোচনা অনুষ্ঠানের সহযোগিতা করে লন্ডন ইস্ট ব্যাংক কলেজ চিটাগং। প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ, লন্ডন ইস্ট ব্যাংক কলেজ চিটাগংয়ের পরিচালক প্রশান্ত ভূষণ বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রধান সৈয়দ আহসানুল আলম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আতিকুর রহমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক আদনান মান্নান, পিএইচডি ফেলো শামসুন নাহার আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এমরান হারুন প্রমুখ। সমাপনী বক্তব্য দেন ডেইলি স্টার চট্টগ্রাম কার্যালয়ের ব্যুরোপ্রধান এ কে এম রইসুল হক। অনুষ্ঠানের মূল বিষয়ে লিখিত বিষয় পাঠ করেন লন্ডন ইস্ট ব্যাংক কলেজ চিটাগংয়ের পরিচালক প্রশান্ত ভূষণ বড়ুয়া।