হরতালের প্রথম দিনে গতকাল বুধবার বিএনপি ও এর অঙ্গসংগঠন চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে সমাবেশ ও মিছিল করেছে। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন। বিকেলে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় আমীর খসরু দলীয় নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটারে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা অংশ নিন। পত্রিকায় সঠিক খবর না এলেও কোটি কোটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ঢাকার ঘটনার সত্যিকার চিত্র তুলে ধরছে।’ আমীর খসরু বলেন, ‘আগামী দিনের রাজনীতি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে হবে। তাহরির স্কয়ারের আন্দোলনও এভাবে হয়েছে।’ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘বারবার আলটিমেটাম দিলেও সরকার গণজাগরণ মঞ্চের নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তখন নেয়নি। আর আলেমদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে। এ গণহত্যার বিচার একদিন না একদিন হবেই।’ নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক বেগম রোজি কবির, শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য দেন।