সামাজিক সংগঠন ও প্রশাসনের উদ্যোগে দুটি বাল্যবিবাহ বন্ধ
জন্মসনদে বয়স বাড়িয়ে দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) বিয়ের আয়োজন করা হয়েছিল। তার স্কুলের প্রধান শিক্ষক ও ‘বাল্যবিবাহ প্রতিরোধ ক্লাব’ নামের একটি সামাজিক সংগঠনের সদস্যরা মেয়েটির বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করে দেন। ঘটনাটি মৌলভীবাজারের জুড়ীর। গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউএনওর হস্তক্ষেপে আরও এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ হয়েছে।
মৌলভীবাজারের স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মেয়েটির বাড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নে। স্কুলে ভর্তির নিবন্ধনপত্র অনুযায়ী তার জন্মতারিখ ২০০২ সালের ৫ জুন। কিন্তু অভিভাবকেরা ইউপি থেকে জন্মসনদে বয়স বাড়িয়ে ওই ছাত্রীর বিয়ে ঠিক করেন। গতকাল দুপুরে বিয়েটি হওয়ার কথা ছিল। খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক এবং ওই সামাজিক সংগঠনটির প্রধান জাকির হোসেন মেয়েটির বাড়িতে গিয়ে অভিভাবকদের এ বিয়ে বন্ধ করতে বলেন। পরে প্রধান শিক্ষক ও সংগঠনের সদস্যরা বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের বোঝালে তাঁরা বিয়ে বন্ধে সম্মত হন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামানের হস্তক্ষেপে আখাউড়া পৌর এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ হয়েছে। গতকাল বিকেলে কনের বাড়িতে লোক পাঠিয়ে তিনি বিয়েটি বন্ধ করেন। গতকাল রাতে গায়েহলুদ ও আজ শুক্রবার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ইউএনও গতকাল সন্ধ্যায় জানান, মেয়েটির বয়স কম—এ খবর পেয়ে তার বিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।