সামাজিক সচেতনতা তৈরিতেও সক্রিয় আনসার ওভিডিপি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা (ভিডিপি) বাহিনীর সদস্যরা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করেন। গ্রামের মানুষের নিরাপত্তা ও বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা তৈরিতেও এই বাহিনী ভূমিকা রাখছে।
গতকাল বুধবার আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের একটি দল প্রথম আলোর কার্যালয় পরিদর্শনে এসে এসব কথা জানায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবনিরাপত্তা বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিতে অধ্যয়নের অংশ হিসেবে আনসার ও ভিডিপি বাহিনীর ২৫ কর্মকর্তা প্রথম আলোর কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়ের শুরুতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান পত্রিকাটির সংবাদনীতি, মূল্যবোধ, প্রচারসংখ্যা ও পাঠকদের সম্পর্কে ধারণা দেন।
মতিউর রহমান বলেন, প্রতি সপ্তাহে বাংলাদেশসহ বিশ্বের ২০০টি দেশ থেকে অনলাইন ও ছাপা কাগজে প্রথম আলো পড়েন ৯৬ লাখ পাঠক।
আনসার ও ভিডিপি বাহিনীর পরিচালক (প্রশিক্ষণ) হীরা পারভেজ বলেন, ‘অন্য বাহিনীর সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে, আমরা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে থাকি। সম্প্রতি আনসার ও ভিডিপি মানবনিরাপত্তা নামে একটি নতুন ধারায় যাত্রা শুরু করেছে।’
মানবনিরাপত্তা কর্মসূচির সমন্বয়কারী দিদারুল আলম বলেন, তিনটি স্তরে ভাগ করা আনসার ও ভিডিপির সদস্যসংখ্যা প্রায় ৬০ লাখ। গ্রামের নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নকাজ ছাড়াও এই বাহিনী নির্বাচনের সময় জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি ভবনের নিরাপত্তায় ভূমিকা রাখছে।
আনসার ও ভিডিপির সহকারী পরিচালক তানজিনা বিন এষা বলেন, দেশের প্রতিটি গ্রামে আনসার ও ভিডিপি বাহিনীর একটি করে নারীদের দল রয়েছে। তারা গ্রামীণ নারীদের অধিকার ও উন্নয়নে কাজ করছে।