সামাজিক সচেতনতার মাধ্যমেই লিঙ্গবৈষম্যের অবসান সম্ভব
দেশে নারী শিক্ষার হার বৃদ্ধির সঙ্গে পুরুষের পাশাপাশি বাড়ছে নারীর ক্ষমতায়ন, ঘটছে নারীর উন্নয়ন। তথাপি নারী-পুরুষের মধ্যে সামাজিক কিছু বদ্ধমূল ধারণার জন্য আজও নারীরা নানা ধরনের বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন। নারীর প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গিই নারী ও পুরুষের মধ্যে বৈষম্য কমাতে পারে। কেননা, জেন্ডারের ধারণা বা বৈষম্য সমাজের তৈরি। তাই সামাজিক সচেতনতার মাধ্যমেই এর অবসান ঘটানো সম্ভব।জেন্ডার-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় গতকাল বৃহস্পতিবার বক্তারা এ কথা বলেছেন। বিনা খরচে আইনি সহায়তাদানকারী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন ব্লাস্টের প্রধান কার্যালয়ের সালিস সমন্বয়কারী তাপসী রাবেয়া। প্রশিক্ষণ কর্মশালায় জেন্ডার সেয়ারিং বিষয়ে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, ব্লাস্টের সভাপতি সুভাষ চন্দ্র লালা, চট্টগ্রাম জেলার সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম, ব্লাস্টের চট্টগ্রাম কার্যালয়ের সমন্বয়কারী রেজাউল করিম চৌধুরী প্রমুখ। এ ছাড়া আইনজীবী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।