বহুমুখী সামাজিক সমস্যা নারীর প্রতিভা বিকাশে প্রধান বাধা। নারী বিজ্ঞানীদের কাজের মূল্যায়নের পাশাপাশি তাঁদের কাজ সম্পর্কে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘উইমেন ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি: লোকাল অ্যান্ড গ্লোবাল পারসপেকটিভ’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ ছাড়াও সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, নাইজেরিয়া, স্পেন, ইরান, কানাডা ও পেরুর প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিয়েছেন।সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন হলেও নারীদের বিজ্ঞানচর্চায় অনেক সমস্যা রয়ে গেছে। সমস্যা সমাধানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মালেকা বেগম বলেন, বিজ্ঞানচর্চা ছাড়াও উন্নয়নের সব শাখায় নারীদের এগিয়ে যাওয়া সব বাধা দূর করতে হবে।বাংলাদেশ স্বাস্থ্যবিজ্ঞান ইনস্টিটিউটের ইমেরিটাস অধ্যাপক হাজেরা মাহাতাব বলেন, সমাজের নানা প্রতিবন্ধকতা নারীদের মেধা বিকাশের পথ বন্ধ করে দিচ্ছে। পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে প্রতিষ্ঠিত নারী বিজ্ঞানীদের উদ্যোগ নিতে হবে। সম্মেলন আয়োজক কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদা রফিকের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন আয়োজক কমিটির সম্পাদক হাসিন অনুপমা আজহারী, যুগ্ম সম্পাদক নার্গিস আক্তার প্রমুখ। সম্মেলনের প্রথম দিনের তিনটি অধিবেশনে বিষয়ভিত্তিক ১৩টি কারিগরি প্রবন্ধ উপস্থাপন করা হয়।বাংলাদেশের শাহিদা রফিক, শাহীন ইসলাম, নূরজাহান সরকার, শাহনাজ হক হোসাইনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসব প্রবন্ধ উপস্থাপন করেন।