সামাজিক সম্প্রীতি রক্ষার জন্য সামাজিক পুঁজি গড়ে তোলার ওপর জোর দিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, ‘আমাদের গ্রামগুলোতে সামাজিক পুঁজি গড়ে তুলতে না পারলে সম্প্রীতি নষ্ট হয় এমন ধরনের সমস্যা সৃষ্টি হতে থাকবে।’
‘সামাজিক সম্প্রীতি অর্জনে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আকবর আলি খান আজ শনিবার এ কথা বলেন। রাজধানীর ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ সেমিনার হলে যৌথভাবে এ গোলটেবিলের আয়োজন করে হাঙ্গার প্রজেক্ট ও ডাইভারসিটি সেন্টার।
আক্রমণাত্মক ভাষা বন্ধে রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়ে গোলটেবিলে আকবর আলি খান আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক উত্তাপ অনেকাংশে কমে যেত যদি শুধু রাজনীতিকরা অভদ্র ভাষায় গালিগালাজ না করে ভদ্র ভাষায় কথা বলতেন।...সংলাপ কীভাবে হবে যদি সেখানে শুধু গালিগালাজ হয়?’
কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘বর্তমান বিশ্বে যা হচ্ছে, বাংলাদেশ তার বাইরে নয়। বহুকাল আগে থেকেই বাঙালির মধ্যে ধর্মনিরপেক্ষ মানসিকতা ছিল, সেটা ধ্বংস করা হয়েছে। ওই মানসিকতা পুনরুদ্ধার করতে হবে।’ তিনি পরামর্শ দিয়ে বলেন, ‘সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গেলে আমাদের সম্প্রীতি নষ্টের মূল কারণ উদঘাটন করতে হবে। চাতুর্যের মধ্য দিয়ে সমাজে সম্প্রীতি রক্ষা করা যায় না।’
২০১৪ সাল থেকে ডাইভারসিটি সেন্টারের সহযোগিতায় হাঙ্গার প্রজেক্ট ‘এমপাওয়ারিং সিটিজেনস টু প্রমোট সোশ্যাল হারমনি’ প্রকল্পের কাজ শুরু করে, যার উদ্দেশ্য হলো বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে তৃণমূলের সাধারণ মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্বের চেতনাবোধ জাগিয়ে তোলা। এ পর্যন্ত দেশের ৫২টি উপজেলা ও ১১২টি ইউনিয়নে ১ হাজার ৭৩৯টি ‘সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব’ বিষয়ক কর্মশালার মাধ্যমে ৬২ হাজার ২৪৩ জন মানুষকে সামাজিক সম্প্রীতি রক্ষার আন্দোলনে যুক্ত করা হয়েছে।
গোলটেবিলে সম্প্রীতি কর্মশালার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কয়েকটি ঘটনা তুলে ধরেন বিভিন্ন জেলা থেকে আসা কয়েকজন ব্যক্তি। এসব উদাহরণকে সামনে রেখে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সম্প্রীতি রক্ষার যে উদাহরণ আমাদের সামনে এসেছে, সেগুলোর ওপর আমাদের জোর দিতে হবে। ক্ষমতা ও শোষণ হলো সমাজের সব সমস্যার মূল। এ জন্যই আমাদের রাজনীতি এত বিদ্বেষপূর্ণ হয়েছে।’
গোলটেবিল সঞ্চালনা করেন হাঙ্গার প্রজেক্টের এ দেশীয় পরিচালক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘একটা সমাজে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষ বাস করেন। তাঁদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়, স্বার্থসংশ্লিষ্টরা তাকেই সহিংসতায় রূপ দেয়। এ জন্য বহুত্ববাদী সমাজ গঠন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তারপরও বসে থাকলে চলবে না, বহুত্ববাদী সমাজ গঠনের লক্ষ্যেই যে যার জায়গা থেকে কাজ করতে হবে।’
গোলটেবিলে আরও বক্তব্য দেন মানবাধিকারকর্মী হামিদা হোসেন, অধ্যাপক মো. ইব্রাহিম, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের রিস্ক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অ্যাডজাঙ্কট প্রফেসর লুৎফে সিদ্দিকী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত, সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ।