সামাজিক সুরক্ষা কর্মসূচিতে পিছিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত এগিয়ে চলা এশিয়ার মধ্য আয়ের দেশগুলো গরিব মানুষকে যথাযথ সামাজিক সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। আর বাংলাদেশসহ নিম্ন আয়ের দেশগুলোর পরিস্থিতি আরও করুণ।এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদ্য প্রকাশিত এক সমীক্ষা প্রতিবেদনে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। ‘দ্য সোশ্যাল প্রোটেকশন ইনডেক্স’ বা সামাজিক সুরক্ষা সূচক নামের এই প্রতিবেদনে এশিয়ার ৩৫টি দেশের সামাজিক সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।সামাজিক বিমা, সামাজিক সহযোগিতা ও শ্রমবাজার কর্মসূচি—এই তিনটি প্রধান বিষয়ের আলোকে সামাজিক সুরক্ষা সূচক নির্ণয় করা হয়েছে। সামাজিক সুরক্ষার জন্য মোট ব্যয়কে সুবিধাভোগীর সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে।এডিবির সমীক্ষা অনুসারে, সামাজিক সুরক্ষা সূচকে (এসপিআই) শীর্ষে আছে জাপান। জাপানের সূচক দশমিক ৪১৬। দেশটি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮ শতাংশ সামাজিক সুরক্ষায় ব্যয় করে।তবে এডিবি সামাজিক সুরক্ষায় জিডিপি ব্যয়ের ৫ শতাংশ হারকে সন্তোষজনক হিসেবে অভিহিত করেছে। অন্যভাবে বললে, এসপিআই দশমিক ২০ হতে হবে। এই মানদণ্ডে জাপান ছাড়া আরও তিনটি দেশ আছে। সেগুলো হলো দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও উজবেকিস্তান।এডিবির প্রতিবেদন থেকে দেখা যায়, বাংলাদেশের এসপিআই দশমিক ০৪৩। দেশটি জিডিপির মাত্র ১ দশমিক ৪০ শতাংশ সামাজিক সুরক্ষায় ব্যয় করে বলে এতে দেখা যায়। সার্বিকভাবে বাংলাদেশের অবস্থান ২৮তম। প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে, শ্রমবাজারবিষয়ক কর্মসূচি বাংলাদেশে বেশ সক্রিয়। মোট সামাজিক সুরক্ষা ব্যয়ের ৩৬ শতাংশই শ্রমবাজার বা কর্মসংস্থানমূলক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি, যার আওতায় প্রায় ৬০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। এই সংখ্যা সামাজিক সুরক্ষা কর্মসূচির মোট সুবিধাভোগীর প্রায় ২৩ শতাংশ। বয়স্ক নারীদের জন্য সামাজিক পেনশন কর্মসূচির ফলে তাঁদের স্বাস্থ্যসেবার সুবিধা বেড়েছে।