সামাজিক সুরক্ষা কৌশলপত্র বাস্তবায়নে সময় কমাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলপত্র বাস্তবায়নের সময়কাল কমিয়ে আনা এবং সে জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ প্রয়োজন। পাশাপাশি খাদ্য অধিকার বাস্তবায়নে আইনি কাঠামো প্রণয়নের জন্যও সরকারকে উদ্যোগ নিতে হবে।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ‘সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচি ও জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল (এনএসএসএস): খাদ্য অধিকার প্রেক্ষিত’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। খাদ্য অধিকার বাংলাদেশ আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশ ও পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, মানবকেন্দ্রিক উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কমাতে হবে সম্পদ-বৈষম্য। টেকসইভাবে দারিদ্র্য, বৈষম্য হ্রাস করতে হবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাদ্য অধিকার বাংলাদেশের সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান।
মূল প্রবন্ধে মহসিন আলী বলেন, সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচি খাতে চলতি অর্থবছরে ৩৭৫ দশমিক ৪৬ বিলিয়ন টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, যা বাজেটের ১১ দশমিক ৪ এবং জিডিপির ২ দশমিক ১৯ শতাংশ। সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) হিসাবে দেশের ৬৪ শতাংশ দরিদ্র মানুষ সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির একটির সুবিধাও পায় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে দরিদ্র মানুষের হাতে শেষ পর্যন্ত পৌঁছায় প্রকৃত বরাদ্দের ৬৬ শতাংশ টাকা। এ অবস্থাকে পাল্টাতে হলে দৃষ্টিভঙ্গিও পাল্টাতে হবে ‘নিচ থেকে ওপরের দিকে’, প্রতিষ্ঠা করতে হবে অংশীদারত্বের গণতন্ত্র। বিজ্ঞপ্তি।