সামাজিক উন্নয়ন ও সুরক্ষায় সর্বস্তরের মানুষকে পারস্পরিক ভাষা, সংস্কৃতি ও ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বুধবার কানাডার কুইবেকে ১২৭তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে এক বক্তৃতায় এ কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বক্তৃতায় স্পিকার বলেন, নাগরিকত্ব, স্বকীয় সত্তা, ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য সাধারণ বিষয় হলেও বিশ্বায়নের যুগে এর গুরুত্ব অপরিসীম। টেকসই উন্নয়নের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি তৈরির জন্য এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আইপিইউ সম্মেলনের সভাপতি আবদেল ওয়াহেদ রাডির সভাপতিত্বে বক্তৃতা অনুষ্ঠানে কানাডার সিনেট ও হাউস অব কমন্সের স্পিকারসহ অংশগ্রহণকারী দেশের স্পিকাররা উপস্থিত ছিলেন। আজ শুক্রবার সম্মেলন শেষ হবে।সম্মেলনে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের ১৪ সদস্যের প্রতিনিধিদল যোগ দেন।