নেতাদের মধ্যে বিস্তর বিরোধ। প্রার্থী মনোনয়নে সমন্বয়হীনতা। ইউনিয়নে ইউনিয়নে একাধিক বিদ্রোহী প্রার্থী।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগের এই অবস্থা। অথচ এই উপজেলা দলটির প্রয়াত নেতা আবদুস সামাদ আজাদের দুর্গ হিসেবে পরিচিত।
১৭ মে দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে প্রার্থী, দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। তাঁরা বলছেন, এবারের ইউপি নির্বাচনে এ উপজেলায় রীতিমতো বেকায়দায় আছেন নৌকা প্রতীকের প্রার্থীরা।
সুনামগঞ্জ-৩ আসন থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত আবদুস সামাদ আজাদ। তাঁর নেতৃত্বে জগন্নাথপুরে দলটির শক্তিশালী িভত তৈরি হয়েছে। ২০০৩ সালে উপজেলার আটটি ইউপিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হন। ২০১১ সালে সাতটির মধ্যে ছয়টিতে জেতেন তাঁরা। এবার সাতটি ইউপিতে ২৮ মে ভোট হবে। কিন্তু প্রতিটিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এর মধ্যে তিনটিতে বর্তমান চেয়ারম্যানরা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
কলকলিয়া ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী দ্বীপক কান্তি দে দিপাল। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হাশিম। পাটলীতে দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া। বিদ্রোহী হিসেবে মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক। চিলাউড়া-হলদিপুরে দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ আলী। এখানে বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ। রানীগঞ্জে দলীয় প্রার্থী মো. শহীদুল ইসলাম রানা। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মজলুল হক ও সাবেক চেয়ারম্যান আবদুল হাফিজ। সৈয়দপুর-সাহারপাড়ায় দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসান। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন তৈয়ব মিয়া কামালী। পাইলগাঁওয়ে দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান আপ্তাব উদ্দিন। এখানে বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মনজুর আলী আফজল। আশারকান্দিতে দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহ আবু ঈমানী। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আইয়ুব খান ও সাবেক চেয়ারম্যান আবদুল আহাদ মদরিছ।
দলীয় নেতা-কর্মীরা জানান, তৃণমূল থেকে নাম গেছে একজনের, কেন্দ্র থেকে আরেকজনকে প্রার্থী করা হয়েছে। আবার স্থানীয় নেতাদের পছন্দের না হওয়ায় কোনো কোনো ইউপিতে দলীয় প্রার্থীরা উপেক্ষিত হচ্ছেন। পাশাপাশি রয়েছে বিদ্রোহীদের চাপ। এসব কারণে নৌকার প্রার্থীরা বেকায়দায় আছেন।
বিষয়টি স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র বলেন, অনেক ইউপিতেই সঠিক প্রার্থী মনোনয়ন পাননি। এ ক্ষেত্রে নেতাদের মধ্যে সমন্বয়হীনতা ছিল। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন পবলেন, ‘জগন্নাথপুর আওয়ামী লীগের দুর্গ। এখানে অন্য দলের প্রার্থীদের আমরা হিসাবেই ধরি না। যদি কোনো ইউপিতে অঘটন ঘটে, সেটা দলের বিদ্রোহী প্রার্থীই ঘটাবেন। আশা করি, সব কটিতেই নৌকা জয়ী হবে।’