সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের নবম মৃত্যুবার্ষিকী গতকাল রোববার পালিত হয়েছে। ২০০৫ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
সকাল নয়টায় আওয়ামী লীগের নেতারা বনানী কবরস্থানে আবদুস সামাদ আজাদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। দলীয় নেতাদের মধ্যে ছিলেন সতীশ চন্দ্র রায়, সাহারা খাতুন, হাবিবুর রহমান সিরাজ, ফরিদুন্নাহার লাইলী, আহমদ হোসেন, আবদুস সোবহান গোলাপ, এনামুল হক শামীম প্রমুখ। এ ছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আবদুস সামাদ আজাদ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ ছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকে গতকাল সকাল আটটায় কলাবাগানের বাসভবনে কোরআনখানি ও লেক সার্কাস লেকভিউ জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিল এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। আবদুস সামাদ আজাদ পরিষদ সিলেট, সুনামগঞ্জে ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ এ উপলক্ষে স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করে।