সামান্য আয়োজন, অপার আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হলের মাঠে ইফতারের আয়োজনে কয়েকজন শিক্ষার্থী। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হলের মাঠে ইফতারের আয়োজনে কয়েকজন শিক্ষার্থী। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল প্রাঙ্গণ।শেষ বিকেলের আলোয় সবুজ ঘাসে বসে আছেন ১৩-১৪ জন শিক্ষার্থী। প্রতিদিনকার দৃশ্য বটে। কিন্তু এবার শুধু আড্ডা নয়, সারা দিন রোজা রেখে ইফতারের অপেক্ষা।
এই হলের মাঠেই ক্যাম্পাসের বড় ইফতার বাজারগুলোর একটি। সেখান থেকেই আসছে ইফতারসামগ্রী। ‘আয়োজন সামান্য, কিন্তু বন্ধু-পরিচিতজনের সঙ্গে বসে খাওয়াটাই আলাদা আনন্দের’—বলছিলেন ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শেখ নূর আলম।
এই দলের অন্য সদস্যরা মাহেবুব ইসলাম, আসাদ-উজ-জামান, রেজাউল ইসলাম, গোলাম মোস্তফা, আবদুল আলিম প্রমুখ। প্রত্যেকেই ভিন্ন বিভাগের ভিন্ন বর্ষের শিক্ষার্থী। তাঁদের সঙ্গে জুটেছেন ভর্তি হতে ইচ্ছুক মনজুর হাসান। তবে তাঁদের একটি ‘কমন’ পরিচয়—সবার বাড়ি রংপুর।
শিক্ষার্থীরা জানালেন, বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার আগে সবাই পরিবারের সঙ্গে ইফতার করতেন। কিন্তু এখানে হলমেট, রুমমেট, বন্ধুরাই পরিবার। এই ‘পরিবারের’ সঙ্গে হয় ইফতার।
প্রতি রমজানের বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিণত হয় সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায়। ছড়িয়ে-ছিটিয়ে আলাদা দলে ভাগ হয়ে আবাসিক হল থেকে শুরু করে কলা ভবন, কার্জন হল, গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা বসে যান। আর ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ডাকসু ক্যাফেটেরিয়া, সিনেট ভবন, আরসি মজুমদার মিলনায়তন, ব্যবসায় শিক্ষা মিলনায়তনগুলো সব সময়ই ভর্তি থাকে। দুই মাস আগে থেকেই মিলনায়তনগুলো বরাদ্দ হয়ে যায় বলে জানালেন টিএসসির পরিচালক আলমগীর হোসেন। এসব জায়গায় মন্ত্রী, সাংসদ, আমলাদের যাতায়াত নৈমিত্তিক ঘটনা।
গতকাল শুক্রবার টিএসসির প্রবেশমুখে একটি বিজ্ঞপ্তি টানানো ছিল। অন্যদের কাছে দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে পুরো টিএসসি বন্ধ। বাধ্য হয়ে রাজু ভাস্কর্য, সড়কদ্বীপ, মিলন চত্বর আর সোহ্রাওয়ার্দী উদ্যানে বসলেন শিক্ষার্থীরা।
দেখা গেল, টিএসসির বাইরে এক পাশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা, অন্য পাশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা ইফতার করেছেন। তাঁরা জানালেন, প্রায় প্রতিদিনই বন্ধুবান্ধবদের সঙ্গে একত্রে ইফতার করা হয়।
শামসুন্নাহার হলের শিক্ষার্থী সাবিহা সম্প্রীতি প্রথম আলোকে বলেন, তাঁরা নিজেরাই ইফতার তৈরি করে রুমমেটদের নিয়ে ইফতার করেন।