
শিশু শাহাদাতের পায়ে গুলি করে আলোচনায় এসেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মন্জুরুল ইসলাম। এই ঘটনা এবং এরপর মামলা, তারপরে বেশ কয়েক দিন কেটে গেলেও সাংসদকে খুঁজে পায়নি পুলিশ। যদিও তাঁর এই কর্মকাণ্ড দিয়ে আওয়ামী লীগের মধ্যেই তীব্র প্রতিক্রিয়া আছে।
মন্জুরুল ইসলাম ২০০৪ সালে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এখনো ওই পদে আছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগ থেকে সাংসদ নির্বাচিত হন। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ইসলাম শিপ বিল্ডার্স অ্যান্ড হেভি ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান কার্যালয় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায়। এই ব্যবসাপ্রতিষ্ঠানের নামে তিনি বেসরকারি ট্রেন পরিচালনার দায়িত্ব পান। ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। সুন্দরগঞ্জ উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে বামনডাঙ্গায় তাঁর বাড়ির অদূরে রয়েছে নিজের হিমাগার।
সাংসদ মন্জুরুলকে নিয়ে অভিযোগের অন্ত নেই। শিশু শাহাদাতকে গুলি করার আগেও তিনি একাধিক ঘটনা ঘটিয়ে সমালোচনার মুখে পড়েছেন। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম বলেন, গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত চারটার সময় সাংসদ মন্জুরুল সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে ঢুকে মহড়া দেন। সেখান থেকে ফেরার পথে বাহিরগোলা মসজিদ মোড়ে নৈশপ্রহরী সাহার আলীকে ধমক দিয়ে বলেন, তুমি এখানে কী করো? একপর্যায়ে তাঁর বুকে পিস্তল ঠেকান। এ সময় সাংসদের গাড়িতে লোকজনের সহায়তায় তিনি রক্ষা পান। এখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে প্রধান ফটকে ধাক্কাধাক্কি করেন। ফটক খুলতে দেরি হওয়ায় তিনি একটি ফাঁকা গুলি ছোড়েন। তবে কেউ হতাহত হয়নি। এ সময় সাংসদ মন্জুরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের মুয়াজ্জিনদের গালিগালাজ করে বলেন, ‘এই তুই জামায়াত করিস। তোকে মারি ফেলব।’
সাজেদুল ইসলাম বলেন, ‘এখান থেকে সাংসদ মন্জুরুল উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে যান। এ সময় এক ঝাড়ুদারের বুকেও পিস্তল ঠেকান তিনি। এখানকার ওয়ার্ডবয় মামুনুর রশিদের কাছে ডিউটির খাতা দেখতে চান। খাতা দেখাতে দেরি করলে তিনি বলেন, তুই বিএনপি করিস—বলেই তাঁকে লক্ষ্য করে গুলি করেছিলেন। কিন্তু গুলি তাঁর গায়ে লাগেনি। মামুনুর দৌড়ে কবরস্থানে গিয়ে পালান। এ বিষয়ে জানতে চাইলে মামুনুর রশিদ বলেন, ‘সে সময় সাংসদের ভয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত করতে পারিনি। কর্তৃপক্ষকে জিডি করতে বলেছিলাম, তাঁরাও সাহস পাননি।’
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম কবির বলেন, সামান্য ঘটনায় গুলি করা তাঁর স্বভাব। কয়েক মাস আগে বামনডাঙ্গায় আওয়ামী লীগের কর্মীর সঙ্গে স্থানীয় লোকজনের দ্বন্দ্ব বাধে। খবর পেয়ে সাংসদ ফাঁকা গুলি ছুড়ে ওই কর্মীকে ছাড়িয়ে নিয়ে আসেন। তিনি বলেন, দলের ত্যাগী নেতা-কর্মীদের সঙ্গে সাংসদের কোনো সমন্বয় নেই। বর্তমানে তাঁর পক্ষে যাঁরা আন্দোলন করছেন, তাঁরাই একসময় বিএনপি-জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আরও বলেন, দল ক্ষমতায়। কিন্তু উপজেলায় দলের কোনো স্থায়ী কার্যালয় নেই। সাংসদ নিজের বাড়ি থেকে স্ত্রীর মাধ্যমে সব কর্মকাণ্ড চালান।
সুন্দরগঞ্জ পৌরসভা মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্যাহ আল মামুন অভিযোগ করেন, সাংসদের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি বিনষ্ট করছে। তিনি বেশির ভাগ সময় নেশাগ্রস্ত থাকায় নানা অঘটন ঘটিয়ে থাকেন। এগুলো দলের নেতা-কর্মীদের বিব্রত করে।
সর্বশেষ ঘটনার প্রত্যক্ষদর্শী শিশু শাহাদাতের চাচা শাহজাহান আলী বলেন, ‘সাংসদ গাড়ি দাঁড় করিয়ে ইশারা দিয়ে আমাকে ডাকে। আমি পালানোর চেষ্টা করলে সাংসদ গুলি ছোড়েন। গুলিতে আমার ভাতিজা গুলিবিদ্ধ হয়। সাংসদ গুলি করবেন, কখনো ভাবিনি।’ শিশু শাহাদাতকে গুলি প্রসঙ্গে সাংসদ মন্জুরুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনা।
এদিকে শিশু শাহাদাতকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনার নয় দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু গতকাল পর্যন্ত পুলিশ সাংসদকে গ্রেপ্তার করতে পারেনি।