সামান্য বৃষ্টি, দুর্ভোগ সীমাহীন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার অপরিকল্পিত পানিনিষ্কাশনব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন মহল্লা ও রাস্তা জলাবদ্ধ হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় পৌরবাসীকে। তার ওপর জমে থাকা পানিতে জন্ম নেওয়া মশা-মাছিতে অতিষ্ঠ শহরবাসী।
শহরের শান্তিবাগ মহল্লার মাইজুল ইসলাম বলেন, ‘একটু বৃষ্টি হলেই শান্তিবাগের পাইলট হাইস্কুল মাঠ পানিতে ভর্তি হয়ে যায়। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শান্তিবাগ ও গ্রিন লাইনের বাসাবাড়িতে জমে যায় হাঁটুপানি। সাত-আট ঘণ্টার আগে তা সরে না। আমরা বড় বিপদে আছি।’
সামান্য বৃষ্টিতেই মুন্সিপাড়া সড়কেও হাঁটুপানি জমে। সড়কসংলগ্ন এলাকার বাসিন্দা সাবেক পৌর কমিশনার জয়নাল আবেদীনের বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে পানি জমে। এ পানি নামতে লাগে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘণ্টা। এতে মুন্সিপাড়া মহল্লার আড়াই শতাধিক পারিবারকে দুর্ভোগ পোহাতে হয়।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ১৯৮৯ সালে স্থাপিত পীরগঞ্জ পৌরসভায় প্রায় ৩০ হাজার লোকের বাস।
পৌর প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, ২০১১-২০১২ এবং ২০১৩-১৪ অর্থবছরে শহরের দুটি রাস্তার পাশে আরসিসি ঢালাই দেওয়া নালা করা হয়। কিন্তু ওই নালা রাস্তা থেকে দেড়-দুই ফুট উঁচু থাকায় পানি নিষ্কাশিত হতে পারছে না। শান্তিবাগ ও পশ্চিম রঘুনাথপুর মহল্লার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ড্রেনগুলো দিয়ে পানি বেরিয়ে যাওয়ার পরিবর্তে এ পানি উল্টো দিকে প্রবাহিত হওয়ায় নালাগুলো শান্তিবাগ মহল্লাবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী শাহজাহান শাহ বলেন, ‘শান্তিবাগ থেকে পানিনিষ্কাশনের সাময়িক ব্যবস্থা করা গেলে একটি ড্রেন মূল ড্রেনের সঙ্গে যুক্ত করে দিতে হবে।’
পৌরসভার প্যানেল মেয়র আবদুল খালেক বলেন, ‘পৌরসভার উন্নয়নকাজের দ্বিতীয় দফায় শান্তিবাগ থেকে জগথা ফকিরপাড়া হয়ে লাছি নদী পর্যন্ত একটি বড় নালা করার পরিকল্পনা রয়েছে।’