বগুড়ার শেরপুর শহরসংলগ্ন খোন্দকারটোলা থেকে উচড়ং পর্যন্ত চার কিলোমিটার পাকা সড়কটি সামান্য বৃষ্টি হলে এমনভাবে কাদা-পানিতে ভরে যায় যে পথচারীরা হেঁটেও চলাচল করতে পারে না। এতে দুর্ভোগে পড়ে ২৫টি গ্রামের লোকজন। সরেজমিনে দেখা গেছে, উপজেলা শহরসংলগ্ন উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মধ্যে ওই সড়কের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে রয়েছে। এতে সড়কটির কয়েকটি স্থানে আংশিক আবার কয়েকটি স্থানে সম্পূর্ণভাবে কার্পেটিং উঠে গেছে। বাংলালিংক টাওয়ার, মাজারস্থল, ফাঁসিতলা ও সাধুবাড়ী এলাকার দুটি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে ছোট-বড় খানাখন্দের কারণে লোকজন হেঁটে পর্যন্ত চলাচল করতে পারে না।স্থানীয় ব্যক্তিদের ভাষ্যমতে, এই সড়ক দিয়ে ইউনিয়নের মামুরশাহী, চকমুকুন্দ, ঘোলাগাড়ী, ঘোলাগাড়ী কলোনি, কানাইকান্দর, বেলতা, ভায়রা, আয়রা, রাজবাড়ী, খোট্টাপাড়া, ফাঁসিতলা, সাধুবাড়ী, খোন্দকারটোলাসহ প্রায় ২৫টি গ্রামের অর্ধলক্ষাধিক লোক চলাচল করে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে তিন দফায় ওই সড়ক পাকা করা হয়। এরপর কোনো সংস্কারের কাজ করা হয়নি। খোন্দকারটোলার কোরবান আলী বলেন, গ্রামের কোনো লোক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া যায় না। সিএনজিচালিত অটোরিকশার চালক আনোয়ার হোসেন বলেন, বড় বড় গর্তের মধ্যে গাড়ি পড়ে যন্ত্রপাতি ভেঙে যায়। আহত হয় যাত্রীরা। রাজবাড়ী গ্রামের কৃষক জয়নাল আবেদীন বলেন, এই সড়কের কারণে কৃষিপণ্য বাজারে তুলতে অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান বলেন, সড়কটি দ্রুত সংস্কারের জন্য এলজিইডি কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি। এতে দিন দিন জনগণের দুর্ভোগ বেড়েই চলেছে। উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, সড়কটি তৈরির সময় সড়কের পানি নিষ্কাশনের কোনো নর্দমা না করায় বর্ষায় পানি জমে থাকছে এর ওপর। এ কারণে সড়কের কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এ অবস্থায় সড়কটির কিছু অংশ নতুন করে নির্মাণসহ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলে সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে।