সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য বৃষ্টিতেই পর্যটন শহর কক্সবাজার পৌরসভায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। পৌরসভার নালাগুলো ভরাট থাকায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের ব্যস্ততম গোলদীঘিরপাড়, বৌদ্ধমন্দির সড়কে গিয়ে দেখা গেছে, নালা উপচে ময়লাযুক্ত কাদামাটি সড়কের ওপর জমে আছে।কক্সবাজার মেডিকেল কলেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি বালক উচ্চবিদ্যালয়, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, প্রিপারেটরি উচ্চবিদ্যালয়সহ আরও ১২টি প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীকে কাদাপানির ওপর দিয়ে হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে হচ্ছে। বৌদ্ধমন্দির সড়কে একটি সেতুর সংস্কারকাজ চলায় রিকশাসহ যান চলাচল বন্ধ রয়েছে। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সামিয়া ইয়াসমিন বলেন, চার মাস ধরে এই সড়কের সংস্কারকাজ শেষ হচ্ছে না। তা ছাড়া সড়কের দুই পাশের নালাগুলো ময়লা-আবর্জনায় ভর্তি থাকায় সামান্য বৃষ্টিতে সড়কের ওপর হাঁটুসমান ময়লা পানি জমে যায়। কক্সবাজার মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র সৌরভ দত্ত বলেন, শহরের বড়বাজার, বাজারঘাটা, কালুর দোকান, টেকপাড়া, এন্ডারসন সড়কেও সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। বৃষ্টিতে ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মশা-মাছির বংশ বৃদ্ধি ও উৎপাত বাড়ছে। কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ বলেন, গত কয়েক দিনের বৃষ্টিপাতে প্রধান সড়কের বাজারঘাটাসহ কয়েকটি স্থানে হাঁটাচলা করা যাচ্ছে না। পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজবিহারী দাশ বলেন, পাহাড় কাটার মাটি বৃষ্টির পানির সঙ্গে নেমে এসে শহরের নালা ভরাট হচ্ছে। পরিষ্কার করলেও আবার তা ভরে যাচ্ছে। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পাহাড় কাটা বন্ধ করা না গেলে এই সমস্যা দূর করা সম্ভব হবে না।