সামান্য বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝারি ও ভারী বৃষ্টি হলেই রাজশাহীর বাগমারায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ রকম বৃষ্টিপাতে ৫ থেকে ২৫ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার নজির রয়েছে। এতে গ্রাহকেরা সীমাহীন দুর্ভোগে পড়লেও সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

বাগমারা উপজেলাটি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন। পল্লী বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় আবাসিক, অনাবাসিকসহ মোট গ্রাহকসংখ্যা ৫৬ হাজার।

গ্রাহকদের অভিযোগ, চলতি বর্ষা মৌসুম থেকে বাগমারায় বিদ্যুৎ সরবরাহে চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। মাঝারি থেকে শুরু করে ভারী বর্ষণ হলেই এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। এরপর বৃষ্টি থামলেও বিদ্যুৎ সরবরাহ আর স্বাভাবিক হচ্ছে না। পুনরায় বিদ্যুৎ চালু করতে ৫ থেকে ২৫ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়।

এলাকাবাসী বলেন, ১০ আগস্ট বেলা ১১টায় মাঝারি বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরদিন দুপুর ১২টায় বিদ্যুৎ আসে। তবে ওই দিন সকাল নয়টায় শুধু ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌর এলাকায় বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর আগেও গত ২৯ জুলাই বিকেলে বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ চালু হয় পরদিন দুপুর ১২টায়।

গ্রাহকদের আরও অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই এভাবে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। যোগাযোগ করা হলে দ্রুত সংযোগ চালু করার কথা বলে অথবা বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি থাকার কথা বলে কর্তৃপক্ষ দায়িত্ব এড়িয়ে যায়। এভাবে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।

উপজেলার এম হোসেন কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক তরিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। আর আমাদের দিতে হয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার খেসারত। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে বারবার অভিযোগ করেও কোনো লাভ হয় না।’

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুৎ বিভাগের দুই কর্মকর্তা বলেন, নাটোর থেকে বাগমারার বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে নিম্নমানের তার ব্যবহার করা হয়েছে। তাই বৃষ্টি হলেই সমস্যা হয়।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ফসিউল হক অভিযোগ অস্বীকার করে বলেছেন, ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনটি পানির ওপরে থাকায় বৃষ্টি হলে মাঝেমধ্যে সমস্যা হয়। তবে দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার অভিযোগ সঠিক নয়।

রায়গঞ্জে বৃষ্টিতে বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত

আমাদের রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, গত মঙ্গলবারের ঝোড়ো বাতাস আর বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রায়গঞ্জের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ।

গতকাল বুধবার দুপুরে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া, লক্ষ্মীকোলা, মহেশপুর, চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা, সিমলাসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবারের ঝোড়ো বাতাস আর বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

উপজেলার ধানগড়া এলাকার গৃহবধূ জাহানারা বেগম বলেন, গত মঙ্গলবার থেকে কতবার যে বিদ্যুৎ গেছে আর এসেছে, তার হিসাব নেই।