সামান্য বৃষ্টিতে সড়কে জমে পানি নগরবাসীর দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল মঙ্গলবার আধ ঘণ্টার বৃষ্টিতে নগরের কয়েকটি সড়কে পানি জমে যায়। এর ফলে নাগরিকদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে। পয়োনিষ্কাশনব্যবস্থা দুর্বল হওয়ার কারণে সামান্য বৃষ্টিতে সড়কে এভাবে পানি জমছে বলে জানা গেছে।
গতকাল বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত বৃষ্টি হয়। বৃষ্টির পানিতে কয়েকটি রাস্তায় পানি জমে। নগরের পায়রা চত্বর থেকে সেন্ট্রাল রোডের অগ্রণী ব্যাংক পর্যন্ত, সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত, বাহার কাছনা এলাকার মোড়, কোতোয়ালি থানার সামনের সড়ক, ধাপ পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশের সড়ক, লালবাগ হাট থেকে দর্শনা সড়ক, জাহাজ কোম্পানী মোড় এলাকাসহ আরও কিছু পাড়া-মহল্লার সড়কের কোথাও দুই পাশে, আবার কোথাও এক পাশে পানি জমে যায়। পায়রা চত্বরের পাশে সড়কের মধ্যে পানি জমে যাওয়ায় মানুষজনকে বেশ কষ্ট করে চলাচল করতে দেখা যায়। বৃষ্টির পরপর ওই এলাকায় গিয়ে কথা হয় নগরের শালবন এলাকার ব্যবসায়ী শহীদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ময়লা জমে নর্দমার মুখগুলো বন্ধ হয়ে গেছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমছে।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, লোকজন যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার কারণে নর্দমার মুখগুলো বন্ধ হয়ে পড়ে। সিটি করপোরেশনের পক্ষ থেকে তা পরিষ্কার করা হয়।