সামান্য বৃষ্টিতেই কলেজ মাঠে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামান্য বৃষ্টি হলেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ৩ জুন তোলা ছবি l প্রথম আলো
সামান্য বৃষ্টি হলেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ৩ জুন তোলা ছবি l প্রথম আলো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দুই বছর আগে কলেজের পেছনের একটি নালা বালু দিয়ে ভরাট করায় তখন থেকেই এ অবস্থার সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
কলেজ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১০ বছরের বেশি সময় আগে ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজে ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা চালু হওয়ার পর মাঠের দক্ষিণ-পূর্ব দিকে একটি দোতলা ভবন নির্মাণ করা হয়। আনুমানিক দুই বছর আগে ওই ভবনটির নির্মাণকালীন সময়ের ত্রুটি ধরা পড়ে। তখন প্রকৌশলীদের নির্দেশে ঝুঁকি এড়াতে ওই ভবনের পেছনের একটি নালা কলেজ কর্তৃপক্ষ বালু দিয়ে ভরাট করে দেয়। ওই নালাটিই ছিল কলেজ মাঠ থেকে বৃষ্টির পানি নেমে যাওয়ার একমাত্র পথ। নালাটি বন্ধ করে দেওয়ার পর থেকে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়।
৩ জুন সরেজমিনে দেখা যায়, কলেজের মাঠজুড়ে পানি জমে আছে। জমে থাকা পানি কালো হয়ে গেছে। নোংরা পানি দুর্গন্ধ ছড়াচ্ছে। মাঠের ঘাস মরে গেছে। শিক্ষার্থীরা কলেজের পুরোনো ভবনের বারান্দা দিয়ে কোনো রকমে নতুন ভবনে যেতে পারেন।
দীর্ঘদিন ধরে কলেজ মাঠ ব্যবহারের অনুপযোগী থাকায় শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে মাঠে খেলাধুলা বা বসে গল্প করার সুযোগ পান না। কয়েকজন শিক্ষক মনে করেন, পানি জমে দূষিত হয়ে যাওয়ায় স্বাস্থ্যঝুঁকিতে আছেন শিক্ষার্থীরা।
এদিকে কলেজের দক্ষিণে অবস্থিত আবাসিক এলাকার বাসিন্দারা জানান, ভারী বৃষ্টি হলে পানি কলেজের মাঠ উপচে তাঁদের এলাকায় চলে যায়। তখন বেশ কিছু পরিবারের রান্নাঘর থেকে শুরু করে বসতঘরেও পানি ওঠে। এতে এসব পরিবার চরম ভোগান্তিতে পড়ে।
কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, পানি নেমে যাওয়ার জন্য বিকল্প একটি নালা করা দরকার। কিন্তু যে জায়গা দিয়ে নালা করা যেতে পারে, সেই জায়গার মালিক জায়গা দিতে রাজি নন। এ কারণে বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। কর্তৃপক্ষ আরও জানায়, যেহেতু পার্শ্ববর্তী আবাসিক এলাকার বেশ কিছু পরিবারও ভোগান্তির শিকার হচ্ছে, তাই বিষয়টি পৌরসভার মেয়রকেও জানানো হয়েছে।
কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম খান বলেন, ‘প্রকৌশলীর পরামর্শে দোতলা ভবনটির ক্ষতি এড়াতেই পেছনের নালাটি ভরাট করা হয়েছিল। তখন থেকেই জলাবদ্ধতা। সমস্যাটি যেহেতু কলেজের, তাই আমাদের যেভাবেই হোক, দ্রুত এ সমস্যার সমাধান করতে হবে। ২০ জুনের মধ্যেই সমাধান করার ইচ্ছা আছে।’
ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান বলেন, নতুন নালা তৈরি করা নিয়ে একটু জটিলতা আছে। তবে বিকল্প পথে আপাতত পানি সরানো হবে। আগামী মাসে নালা নির্মাণের দরপত্র ডাকা হবে।