সামান্য বৃষ্টিতেই কুমিল্লা শহরে জলাবদ্ধতা
মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টিতে কুমিল্লা শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক ও নালার ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখায় ওই জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে সিটি করপোরেশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এ ছাড়া দীর্ঘদিন সড়ক মেরামত ও নালা পরিষ্কার না হওয়ায় পানি উপচে পড়ে। এ কারণে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা বিসিকের (ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা) সব কটি সড়কেই হাঁটুপানি। এসব সড়কে খানাখন্দ থাকায় পণ্যবাহী ট্রাক ও বিভিন্ন বাহন ঝুঁকি নিয়ে মালামাল পার করছে। নগরের প্রধান সড়ক বাদুরতলা ও ঝাউতলা এলাকার উভয় পাশে নির্মাণসামগ্রী ফেলে রাখায় নালা দিয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। ওই পানি সড়কের ওপর জমে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। একই অবস্থা ধর্মসাগরের পশ্চিম পারের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সড়কেরও। গতকাল সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই সড়কে প্রায় কোমর সমান পানি ছিল। নগরের দক্ষিণ চর্থা ইপিজেড সড়ক, নতুন চৌধুরীপাড়া সড়ক, কান্দিরপাড়ের নজরুল এভিনিউর কালীবাড়ির সামনের সড়ক ও রেসকোর্স এলাকার সড়কগুলোতে পানি জমে আছে। এদিকে কুমিল্লা স্টেডিয়াম মার্কেট ও পুলিশ সুপার মার্কেটের ব্যবসায়ীরা রাত থেকে দোকানে বসা ছিলেন। একটু বৃষ্টি হলেই সেখানকার ইলেকট্রনিকস, কাঠের দোকান, মনোহারি দোকান ও তৈরি পোশাকের দোকানগুলোতে পানি ঢোকে। বছর বছর দোকানগুলো উঁচু করা হলেও কোনো কাজ হচ্ছে না। স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও খুলনা পেপার হাউজের স্বত্বাধিকারী কামাল হোসেন বলেন, সামান্য বৃষ্টিতেই দোকানের সামনে পানি জমে যায়। নালা দিয়ে পানি সরতে না পারায় ওই অবস্থা হচ্ছে। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নূরুল্লাহ বলেন, সীমিত অর্থের মধ্য দিয়ে প্রতিবছর নালা ও সড়ক মেরামত করা হয়। নির্মাণসামগ্রী ফেলে রাখায় নাগরিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক বলেন, ‘নালার মধ্যে ময়লা-আবর্জনা ফেলায় পানি সরতে বিলম্ব হচ্ছে। নালার পানি উপচে সড়কে জমা হচ্ছে। এ কারণে সড়ক নষ্ট হচ্ছে। জলাবদ্ধতাও দেখা দিচ্ছে। আমরা জলাবদ্ধতা দূর করার জন্য সব সময়ই কাজ করে যাচ্ছি।’