সামান্য বৃষ্টিতেই খুলনা নগরে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি নিষ্কাশনে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে খুলনায় বৃষ্টি হলেই নগরের অধিকাংশ সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। এ সময় নগরের নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে।চলতি বর্ষা মৌসুমে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেই নগরের শামসুর রহমান সড়ক, পাওয়ার হাউস মোড়, কেডিএ এভিনিউ, রয়্যাল চত্বর, শান্তিধাম মোড়, শেরেবাংলা সড়কসহ বিভিন্ন সড়ক তলিয়ে যাচ্ছে। এ ছাড়া ভারী বর্ষণে নগরের লবণচোরা, চরেরহাট, আলুতলা, শিপইয়ার্ড, নতুন বাজারচর এলাকা, চাঁনমারী, কয়লাঘাট, নিরালা ও সোনাডাঙ্গা আবাসিক এলাকা, সবুজপল্লী, টুটপাড়া ফায়ার স্টেশনসহ বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।নগরের রয়্যাল চত্বর এলাকার ব্যবসায়ী আজিজুর রহমান বলেন, সামান্য বৃষ্টি হলেই এখানে হাঁটু সমান পানি জমে। শামসুর রহমান সড়কের দোকানি জহুর হোসেন বলেন, বৃষ্টি হলেই এই এলাকার রাস্তা পানিতে তলিয়ে যায়। এমনকি বাড়িঘরেও পানি ওঠে। খুলনা সিটি করপোরেশনের বর্জ্যব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, পানি নিষ্কাশনের জন্য নগরে ৬৪২ দশমিক ১৮ কিলোমিটার নালা রয়েছে। কিন্তু একশ্রেণীর অসাধু ব্যক্তি ড্রেনের উপরিভাগ দখল করে রেখেছে। বিভিন্ন সময় উচ্ছেদ করলেও কিছুদিনের মধ্যে তারা আবারও ওই জায়গাগুলো দখলে নেওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। করপোরেশনের প্রধান প্রকৌশলী নাজমুল হোসেন বলেন, ময়ূর নদীসহ বিভিন্ন খালের সংস্কার এবং অবৈধ দখলমুক্ত করা সম্ভব না হওয়ায় শহরের পানি ঠিকমতো সরে না। মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘নগরে কেন পানি জমে তার কারণ আগে লিখতে হবে। শহরের পানি নামার খালগুলো কারা দখল করে রাখছে? কেন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই সব খাল দখলমুক্ত করছে না, আগে তার জবাব নেন। তারপর আমি জবাব দেব।’