সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ খুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে খাল দিয়ে নগরের পানিনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে, সেই খালগুলোই দখল হয়ে গেছে। তা ছাড়া নিয়মিত নালা পরিষ্কার না করায় সেগুলোও প্রায় বন্ধ হয়ে আছে। এর ফলে পানি সরতে না পেরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে নগর।
এ অবস্থায় খুলনা নগরের জলাবদ্ধতা নিরসন ও নগরের আশপাশের ৫০টি খাল অবৈধ দখলমুক্ত করে পুনঃখনন করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি নগরের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থার উন্নয়ন করতে খুলনা সিটি করপোরেশনকে (কেসিসি) কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার নগর ভবনের সামনে ‘পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট’ আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এসব দাবি জানানো হয়।
শুধু নগরকে ঘিরেই রয়েছে ৩৪টি খাল। আর নালা রয়েছে ১ হাজার ১৬৫ কিলোমিটার। গত তিন বছরে ড্রেনেজব্যবস্থার উন্নয়নে ও খাল পুনঃখননে খুলনা সিটি করপোরেশন ব্যয় করেছে ৬২ কোটি টাকা। ৩৪টি খালের ২৫টিই অবৈধভাবে দখল হয়ে গেছে। খালের মাঝখানে সরাসরি বাঁধ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। ছোট ছোট বাঁধ ও পাটা দিয়ে মাছ চাষ করা হচ্ছে কয়েকটি খালে। কচুরিপানা এবং পলি পড়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে বেশ কিছু খালে। ফলে সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে নগরের অধিকাংশ এলাকা। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ময়ূর নদীর নিরালা কবরস্থান এলাকায় দুটি বাঁধ দেওয়া হয়েছে। বাঁধের ওপর ইটের সলিং দিয়ে রাস্তা করেছেন স্থানীয় লোকজন। বাঁধের মাঝে ছোট ছোট পাইপ দেওয়া হয়েছে, যা পানি চলাচলের জন্য যথেষ্ট নয়। নদীর পাশ দিয়ে সামনে এগিয়ে গেলে চোখে পড়বে পাঁচটি বাঁশের সাঁকো। ক্ষুদিয়ার খালের পুরোটা ভরাট হয়ে আছে পলি ও কচুরিপানায়। কয়েকটি জায়গায় খালের ভেতরে বাঁশের পাইলিং করে ভরাট করতে দেখা গেছে। এদিকে গতকালের মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, একসময় বসবাসের জন্য দেশের সবচেয়ে পরিবেশবান্ধব পরিচ্ছন্ন নগর খুলনা আজ জলাবদ্ধতায় ডুবে থাকে। এখানকার নদীগুলো খাল হয়েছে, খালগুলো নালা হয়েছে আর নালাগুলো হারিয়ে গেছে। নগরবাসী জলাবদ্ধতায় আটকে থাকলেও কেসিসি তেমন কোনো কার্যকর ভূমিকা নিতে পারছে না। কেসিসি কোটি কোটি টাকা খরচ করছে, তবে নগরবাসী এর সুফল পাচ্ছেন না।
সমাবেশ থেকে নালা ও বর্জ্য অপসারণ করার জন্য কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয়। কেসিসির ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস বলেন, নগরে জলাবদ্ধতার অন্যতম কারণ পানিনিষ্কাশিত হওয়ার খালগুলো দখল হয়ে যাওয়া। খালগুলো পুনরুদ্ধারের চেষ্টা চলছে।