সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ প্রধান সড়ক

ঘণ্টা খানেক বৃষ্টি হলেই নওগাঁ শহরের প্রধান সড়কে (নওগাঁ-সান্তাহার সড়ক) তৈরি হয় জলাবদ্ধতা। এতে সড়কটি দিয়ে যানবাহন চলাচল ও ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটাচলায় ভোগান্তিতে পড়তে হয়। পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিত পয়োনিষ্কাশনব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে পৌরবাসীর অভিযোগ।
গতকাল সোমবার ঘণ্টা খানেক টানা বৃষ্টির পর বেলা একটার দিকে শহরের প্রধান সড়কের রুবির মোড় থেকে ব্রিজের মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা ঘুরে দেখা যায়, সড়কটির রুবির মোড়, মুক্তির মোড়, মাইক্রো স্ট্যান্ডের সামনের রাস্তা, সরিষাহাটির মোড় ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বৃষ্টির পানি জমে রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কোথাও কোথাও নর্দমার পানি উপচে রাস্তা ডুবিয়ে দিয়েছে। ফুটপাতেও পানি জমে যাওয়ায় পথচারীদের পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। কোথাও কোথাও রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহনগুলোর চাকা পর্যন্ত পানি উঠে গেছে। যানবাহন চলাচলের সময় পানি ছিটে অনেক পথচারীকে ভিজে যেতে দেখা গেছে।
নওগাঁ বিএমসি মহিলা কলেজের শিক্ষার্থী ও শহরের চকদেব ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা সুরভী আক্তার বলেন, সামান্য বৃষ্টি হলেও শহরের প্রধান এই রাস্তাটিতে হাঁটুপানি জমে যায়। নর্দমার নোংরা পানি রাস্তায় চলে আসে। বাধ্য হয়ে এসব নোংরা পানি মাড়িয়েই চলাচল করতে হয়।
মুক্তির মোড়ের হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘স্থায়ীভাবে শহরের জলাবদ্ধতা নিরসনে পৌরসভার কোনো মাস্টারপ্ল্যান নেই। শহরের বেশির ভাগ নর্দমা সরু ও খোলা। এমনকি শহরের প্রধান সড়কের রাস্তার পাশ দিয়ে যাওয়া নদর্মাটিও খোলা। রাস্তার ধারের অনেক ব্যবসায়ী নিজেদের প্রয়োজনে ব্যক্তিগত উদ্যোগে নর্দমার ওপরে ঢাকনা দিয়ে দিয়েছেন। বেশির ভাগ জায়গায় নর্দমা খোলা থাকায় এবং নর্দমার বর্জ্য নিয়মিত পরিষ্কার না করায় একটু বৃষ্টিতেই নর্দমা উপচে রাস্তায় পানি চলে আসে।’
শহরের চকদেবপাড়ার বাসিন্দা জামিল উদ্দিন বলেন, ‘ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় ময়লা জমে সেগুলো ভরে গেছে। তাই সামন্য বৃষ্টি হলেও ড্রেন উপচে রাস্তায় চলে আসে ময়লা। ড্রেন ভরে থাকায় রাস্তার পানিও সহজে নামে না। এ জন্য আধা ঘণ্টা বৃষ্টি হলেই চার-পাঁচ ঘণ্টা পর্যন্ত রাস্তায় পানি জমে থাকে।’
নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক অপরিকল্পিত পয়োনিষ্কাশনের কথা স্বীকার করে বলেন, ‘পৌরসভার পয়োনিষ্কাশনব্যবস্থা নিয়ে ব্যাপক পরিমাণ কাজ করতে হবে। এ জন্য দ্বিতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতি প্রকল্পের আওতায় শহরের পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নতির জন্য বড় অঙ্কের বরাদ্দ পাওয়া গেছে। এ বছরেই পৌরসভার বিভিন্ন অবকাঠামো উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করে দ্রুত পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।’