সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ মৌলভীবাজার শহর
সামান্য বৃষ্টিতেই মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বাসাবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে পানিতে। শহরের পানি নিষ্কাশনের প্রধান খাল কোদালীছড়া ভরাট হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে পৌরসভা ও এলাকাবাসী জানিয়েছে।স্থানীয় সূত্র জানায়, ২৮ জুনের ভারী বর্ষণে মৌলভীবাজার পৌরসভার সার্কিট হাউস এলাকা, টিবি হাসপাতাল সড়ক, ধরকাপন, দর্জিমহল, সবুজবাগ, পশ্চিমবাজার, বেরিরচর, সৈয়দ মুজতবা আলী সড়কের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, সড়ক ভবন এলাকাসহ শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এসব এলাকার তিন শতাধিক বাসাবাড়িতে পানি ঢোকে।সার্কিট হাউস এলাকার বাসিন্দা ফেরদৌস আহমদ প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির পর আমাদের বাসা ও আশপাশের সবকটি বাড়িতেই পানি ওঠে। কোদালীছড়া খাল ভরাট হওয়ায় সামান্য বৃষ্টিতেই এ অবস্থার সৃষ্টি হচ্ছে। আমরা কোদালীছড়া খননের কথা বছরের পর বছর বলে আসছি। কিন্তু কারও টনক নড়ছে না।’পৌরসভা ও এলাকাবাসী সূত্র জানায়, শহরের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম কোদালীছড়া খাল। প্রায় ১৫ কিলোমিটার লম্বা খালটি হাইল হাওরে গিয়ে পড়েছে। এর মধ্যে খালের দুই কিলোমিটার পৌর এলাকায়, বাকি ১৩ কিলোমিটার পড়েছে পৌর এলাকার বাইরে। এলাকাবাসী জানায়, বর্ষিজুড়ার পাহাড়ি এলাকার একাংশ এবং শহরের চারপাশের পানি এসে পড়ে এই খালে। একসময় এ খালটি প্রশস্ত ও গভীর ছিল। বৃষ্টির পানি দ্রুত হাইল হাওরে চলে যেত। খালটি প্রশস্ত ও গভীর থাকায় ভাটি অঞ্চলের লোকজন নৌকাযোগে শহরের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য যোগাযোগ রক্ষা করত। কিন্তু বর্তমানে বিভিন্ন স্থানে বাসাবাড়ি ও রাস্তা নির্মাণের ফলে খালটি সংকীর্ণ হয়ে পড়েছে। বর্জ্য ফেলা ও শুকনো মৌসুমে এর বিভিন্ন স্থানে বাঁধ তৈরির কারণে খালটি ক্রমেই ভরাট হয়ে যাচ্ছে।পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, জলাবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন সময় কোদালীছড়ার বিভিন্ন স্থানের মাটি ও আবর্জনা পরিষ্কার করা হয়। কিন্তু বৃষ্টি পানির সঙ্গে খালের পাড়ে রাখা কাদামাটি পুনরায় খালের মধ্যে চলে যায়। এ কারণে খালটি দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না।পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এম আমিনুল হক বলেন, ‘আমরা নতুন করে আরেকটি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) করেছি। তাতেও কোদালীছড়া খননের পরিকল্পনা আছে।’মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম প্রথম আলোকে বলেন, ‘কোদালীছড়া ভরাটের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিভিন্ন সময়ে কোদালীছড়ার স্থায়ী সংস্কারে প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু আর্থিক সহযোগিতা না পাওয়ায় স্থায়ী সংস্কারের জন্য কিছু করা এখনো সম্ভব হয়নি।’