পরিকল্পিত ড্রেনেজ-ব্যবস্থা না থাকায় শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এলাকাবাসী প্রতিবছর জলাবদ্ধতা দূর করার জন্য আবেদন করলেও পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে এই পৌরসভা গঠিত হয়। দ্বিতীয় শ্রেণির এই পৌর শহরের প্রায় ৩০ হাজার মানুষ বাস করে।
পৌরবাসীর অভিযোগ, প্রতিবছর বর্ষায় শহরের বেশির ভাগ জায়গা পানিতে ডুবে যায়। বিশেষ করে নালিতাবাড়ী বাজার, তারাগঞ্জ দক্ষিণ বাজার, মধ্য বাজার, আমবাগান, ছিটপাড়া, সাহাপাড়া, চকপাড়া, গড়কান্দা মহল্লায় পানি বেশি ওঠে। সামান্য বৃষ্টি হলে ওই সব এলাকার প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। তা ছাড়া পানি নামতেও অনেক সময় লাগে।
গতকাল মঙ্গলবার শহরের ওই আট এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব রাস্তায় পানি। নয়জন এলাকাবাসী জানান, গত শনিবার থেকেই বৃষ্টি হচ্ছে। আগে থেকেই রাস্তায় পানি জমে ছিল। তবে সোমবার রাত থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। এখন পানির কারণে রাস্তায় চলাচল করা দায়।
গড়কান্দা মহল্লার একজন পথচারী বলেন, ‘পানি যে নামবে, তার জায়গাটা কই? সব রাস্তায় ড্রেন নেই।’
নালিতাবাড়ী বাজারের গৃহিণী মাহবুবা নাহিদ বলেন, ‘শুকনো দিন থাকতে জলাবদ্ধতার কথা পৌরসভার কারও মনে থাকে না। বর্ষা এলে পৌরসভার মেয়র-কাউন্সিলরদের দৌড়ঝাঁপ শুরু হয়। এর একটা স্থায়ী সমাধান হওয়া দরকার।’
পৌর মেয়র আনোয়ার হোসেন বলেন, শহরের বিভিন্ন স্থানে পানিনিষ্কাশনের জন্য কাজ চলছে। দু-এক দিনের মধ্যে পানি নেমে যাবে। বৃষ্টি কমে গেলে পানিনিষ্কাশনের জন্য নালা নির্মাণের কাজ করা হবে।