সামান্য বৃষ্টিতেই পানির স্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর ধরে জরুরি চিকিৎসাসেবা ব্যবস্থা ও রোগী ভর্তি (অন্তর্বিভাগ) বন্ধ রয়েছে। সদ্য নির্মিত ভবনের টিনের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে যন্ত্রপাতিসহ আসবাব নষ্ট হচ্ছে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এ অবকাঠামো নির্মিত হলেও খুব দ্রুতই তা নষ্ট হওয়ায় এলাকাবাসী কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
গত শনিবার কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, প্রবেশপথসহ প্রতিটি কক্ষের মেঝেতে পানি জমে আছে। সামান্য বৃষ্টিতেই চালা দিয়ে পানি পড়ে পুরো মেঝে ভেসে গেছে। কমপ্লেক্সের ১৫টি কক্ষের মধ্যে তিনটি কক্ষ পরিবার পরিকল্পনা বিভাগের দখলে থাকায় মালামাল রাখাও কঠিন হয়ে পড়েছে।
উপজেলার খাসকাউলিয়া গ্রামের নিজাম উদ্দীন বলেন, ‘উপজেলাটি দুর্গম চরাঞ্চলে পড়েছে। যোগাযোগের ব্যবস্থা নেই বললেই চলে। এ হাসপাতালে জরুরি এবং অন্তর্বিভাগ চালু না থাকায় আমাদের জরুরি রোগীগুলোকে ভীষণ কষ্ট করে পাশের টাঙ্গাইল জেলা সদর ও নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হচ্ছে। এ কারণে অনেক রোগী চিকিৎসার অভাবে পথেই মারা যাচ্ছে। এখানে অন্তর্বিভাগ ও জরুরি বিভাগ চালু থাকলে রোগীদের এত দুর্ভোগ পোহাতে হতো না।’
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৪ সালের আগস্ট মাসে এ স্বাস্থ্য কমপ্লেক্সের পাকা ভবনগুলো নদীভাঙনে বিলীন হয়। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের সব সরঞ্জাম, যন্ত্রপাতি ও আসবাব পাশের সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় সরানো হয়। তখন থেকেই অন্তর্বিভাগ ও জরুরি বিভাগ বন্ধ রয়েছে। পরে জরুরি ভিত্তিতে দরপত্র আহ্বানের মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ১৫ কক্ষবিশিষ্ট একটি অস্থায়ী সেমিপাকা (টিনশেড) ভবন নির্মাণ করে হাসপাতালের কার্যক্রম চালু করা হয়। কিন্তু নির্মাণকাজের ত্রুটি থাকায় চাল দিয়ে সামান্য বৃষ্টিতেই অনবরত পানি পড়ে এখন যন্ত্রপাতি, বিছানাপত্র সবই নষ্ট হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, নির্মাণকাজ অসমাপ্ত থাকা অবস্থাতেই এটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে থেকেই চাল দিয়ে পানি পড়তে শুরু করে। কক্ষগুলোর মেঝের প্লাস্টার উঠে যায়। ইতিমধ্যে পানি পড়ে অস্ত্রোপচারকক্ষের মূল্যবান যন্ত্রপাতি, আসবাবসহ অন্যান্য মালামাল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় সমাজসেবক ফারুক সরকার বলেন, ‘এই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসকসহ জনবল থাকলেও অন্তর্বিভাগ চালু নেই। আমরা স্থানীয়ভাবে চিকিৎসকদের থাকাসহ সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করতে রাজি আছি।’ তিনি দ্রুত অন্তর্বিভাগ ও জরুরি বিভাগ চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বলেন, চাল দিয়ে পানি পড়াসহ পানি সরবরাহের লাইনগুলো মেরামত করতে একাধিকবার স্বাস্থ্য বিভাগের প্রকৌশলীকে জানানো হলেও এখন পর্যন্ত তা মেরামত করা হয়নি। যে কারণে মালামাল নষ্ট হতে চলেছে। এ অবস্থায় বহির্বিভাগসহ অন্যান্য সেবা কার্যক্রম চালু রাখা হলেও জরুরি ও অন্তর্বিভাগ চালু করা সম্ভব হচ্ছে না।
স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, চাল দিয়ে পানি পড়াসহ পানির লাইনের কিছু বাকি থাকা কাজ সম্পন্ন করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিল বাকি থাকায় ঠিকাদার কাজটি করতে গড়িমসি করছেন। তবে যত দ্রুত সম্ভব এ কাজগুলো সম্পন্ন করা হবে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন শহিদ মো. সাদিকুল ইসলাম জানান, ‘অন্তর্বিভাগ ও জরুরি বিভাগ চালু করার সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভবনের টিনের চাল ও পানি সরবরাহের ব্যবস্থা মেরামতের পর চালু করা হবে। এ জন্য প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল আমাদের রয়েছে।’