বেড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণে ত্রুটি
সামান্য বৃষ্টিতেই মেঝে ভেসে যায়, রোগীদের দুর্ভোগ
নির্মাণজনিত ত্রুটির কারণে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের মেঝে সামান্য বৃষ্টিতেই ভেসে যাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি শিডিউল অনুযায়ী বেশ কিছু কাজ সম্পন্ন করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। এতে রোগী ও চিকিৎ সকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কমপ্লেক্সের একটি সূত্র জানায়, ২০০৬ সালের ২০ অক্টোবর ৫০ শয্যায় উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২০০৮ সালের ৮ জুন এর নির্মাণকাজ শুরু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ পুরোনো ভবন সংস্কার ও নতুন আরেকটি ভবন নির্মাণের জন্য ব্যয় ধরা হয় চার কোটি ৭৭ লাখ টাকা। স্কয়ার ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই কাজ করার জন্য মনোনীত হয়। চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে অর্থাৎ ২০০৯ সালের ৮ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে কাজ শেষ করতে না পেরে স্বাস্থ্য বিভাগের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ইউনিটের (সিএমএমইউ) কাছে সময় বৃদ্ধির আবেদন করে। ২০১০ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু কাজ শেষ না হওয়ায় আবারও সময় বৃদ্ধির আবেদন করে। এ বছরের ৮ জুনের মধ্যে কাজ শেষ করার চূড়ান্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়।সূত্রটি জানায়, নির্মাণ করা অবকাঠামোগুলো ২৬ জুন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলেও সে সময় বেশ কিছু কাজ অসম্পূর্ণই রয়ে যায়। ওই সময়ের মধ্যে হস্তান্তর না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিল পেতে ঝামেলা হতো বলে তাদের অনুরোধে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে তা বুঝে নেয়।স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় জানায়, শিডিউলে ১৫০ কেভির ট্রান্সফরমার, দুটি অগ্নিনির্বাপণ যন্ত্র, কমপ্লেক্স আঙিনায় সড়কবাতি, পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে শৌচাগার বসানোর কথা থাকলেও তা করা হয়নি। এ ছাড়া নতুন ও পুরোনো ভবনে ভালোভাবে রঙ করা হয়নি। নির্মাণজনিত ত্রুটির কারণে বৃষ্টি হলেই তিনতলা ভবনের দেয়াল চুইয়ে পানি এসে তিনটি তলার মেঝেই সয়লাব হয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা হিসেবে এখনো অনুমোদন না পেলেও নতুন ভবনটির তৃতীয় তলায় পুরুষ ওয়ার্ড স্থাপন করা হয়েছে। নিচতলায় চিকিৎ সা দেওয়া হচ্ছে বহির্বিভাগের রোগীদের। এ ছাড়া এ ভবনটিতেই রয়েছে অস্ত্রোপচারকক্ষ। চিকিৎ সক এস এম আজিজুর রহমান বলেন, ‘নতুন ভবন, অথচ বৃষ্টি হলে বাস করার মতো অবস্থা থাকে না। নতুন ভবন ও পুরোনো ভবনের মধ্যে সংযোগকারী করিডরে এত পানি হয় যে জুতা পায়ে হাঁটার মতো অবস্থা থাকে না।’স্বাস্থ্য কমপ্লেক্সের ঝাড়ুদার গণেশ কুমার বলেন, ‘মেঝেতে পানি থাকায় বাইরের রোগী ও তাঁদের লোকজন যখন আসেন তখন মেঝে কাদায় মাখামাখি হয়ে যায়।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্তিক কুমার সাহা বলেন, ‘এ স্বাস্থ্য কমপ্লেক্সে এ মাসেই যোগ দিয়েছি। কাজেই অবকাঠামোগুলোর হস্তান্তর বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। তবে নতুন ভবনে পানি পড়ার বিষয়সহ অসম্পূর্ণ কাজগুলো দ্রুত সারার ব্যাপারে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে বলা হয়েছে। তাঁরা সব দেখে এক সপ্তাহের মধ্যেই এগুলোর সমাধান করবেন বলে আমাদের জানিয়েছেন।’ ঠিকাদারি প্রতিষ্ঠান স্কয়ার ইন্টারন্যাশনালের প্রতিনিধি মো. শাহনেওয়াজ বলেন, ‘শিডিউল অনুযায়ী কোনো কাজই আমাদের আর বাকি নেই। বরং স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আমাদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নিয়েছে। আর বড় কাজে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে। নিয়ম অনুযায়ী সে ধরনের ত্রুটি থাকলে এক বছরের মধ্যে আমরা তা সংস্কার করে দিতে বাধ্য। নতুন ভবনে পানি পড়ার বিষয়টি দেখেছি। চার-পাঁচ দিনের মধ্যেই তা সংস্কারের ব্যবস্থা করব।’