সামান্য বৃষ্টি হলেই মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকার নালা উপচে ওঠা নোংরা পানিতে সড়ক ডুবে যায়। পানি নামতে কয়েক ঘণ্টা সময় লাগে। এ সময় নোংরা পানি ঠেলেই চলাচল করেন এলাকাবাসী। বিভিন্ন স্থানে পানিনিষ্কাশনের খাল, নালা ভরাট ও সংকীর্ণ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু সময় বৃষ্টি হলেই শহরের পূর্ব গির্জাপাড়া, সার্কিট হাউস এলাকা, টিবি হাসপাতাল সড়ক, চুবড়া, টিকরবাড়ি, পশ্চিমবাজার, বেরি লেক, গোবিন্দশ্রী ও সৈয়ারপুর এলাকার নিচু অংশ প্লাবিত হয়। এ বছর বর্ষা মৌসুম শুরুর পর রাস্তা কয়েক দফা পানিতে তলিয়ে যায়। কয়েক বছর ধরেই বর্ষা মৌসুমে রাস্তায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। অপরিকল্পিতভাবে বাসাবাড়ি নির্মাণ, পানিপ্রবাহের ছোট-বড় নালায় প্রতিবন্ধকতা সৃষ্টি, বিভিন্ন স্থানে নালা সরু করে ফেলা ও সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন না করার কারণে কম সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
গত ৩০ মে ও ১ জুন বৃষ্টির সময় সরেজমিনে দেখা যায়, শহরের সৈয়দ মুজতবা আলী সড়কের (সাবেক পুরোনো হাসপাতাল সড়ক) পশ্চিমবাজার এলাকা, বেরিরচর এলাকা, শান্তিবাগের আলী আমজদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সড়ক, গোবিন্দশ্রীর হাজি নছিব উল্লাহ সড়ক, এম সাইফুর রহমান সড়কের খামারবাড়ি এলাকা বৃষ্টির পানিতে ডুবে গেছে। এ ছাড়া শহরের সৈয়ারপুর লক্ষ্মীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের উত্তর পাশের রাস্তা পানিতে তলিয়ে আছে। প্রায় হাঁটুসমান পানি ঠেলে স্কুলছাত্রসহ স্থানীয় লোকজন রাস্তায় চলাচল করছেন।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দশ্রী এলাকার বাসিন্দা হাসান আহমদ জানান, বৃষ্টি হলেই গোবিন্দশ্রী স্কুলের (হাজি নছিব উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়) সামনে, হাজি নছিব উল্লাহ সড়ক, এলাকার কিছু বাসাবাড়ি ও কলোনিতে পানি উঠে যায়। নর্দমা দিয়ে বৃষ্টির পানি ঠিকমতো নামতে পারে না। এতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানি নামতে সাত-আট ঘণ্টা বা আরও বেশি সময় লাগে।
মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনবীর রায় মঞ্জু শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, বৃষ্টি হলে মূলত শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা হচ্ছে। অপরিকল্পিত ও পুরোনো ড্রেনের কারণে এ সমস্যা হচ্ছে। তবে বড় কারণ হচ্ছে শহরের পানিনিষ্কাশনের একমাত্র নালা কোদালীছড়ার শহরের বাইরের অংশে নানা প্রতিবন্ধকতার কারণে পানি সহজে নামতে পারে না। এ জন্য রাস্তার ওপর পানি চলে আসে। পূর্ব গির্জাপাড়া এলাকায় বেশি
পানি জমে। নতুন একটি প্রকল্প নেওয়া হচ্ছে। এতে শহরের পশ্চিমবাজারের কাঁচাবাজার ও ক্ষুদরত উল্লাহ সড়কসহ কিছু এলাকার সড়ক উঁচু ও নালা প্রশস্ত করা হবে। পর্যায়ক্রমে সব কটি নালা প্রশস্ত করা হবে।