সামান্য বৃষ্টিতেই শহরের সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামান্য বৃষ্টিতেই ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে পিচ ও খোয়া উঠে গিয়ে সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ছবিটি গতকাল সকালে বঙ্গবন্ধু সড়ক থেকে তোলা l প্রথম আলো
সামান্য বৃষ্টিতেই ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে পিচ ও খোয়া উঠে গিয়ে সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ছবিটি গতকাল সকালে বঙ্গবন্ধু সড়ক থেকে তোলা l প্রথম আলো

সামান্য বৃষ্টিতেই ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়কে পানি জমে যাচ্ছে। এতে সড়কের পিচ ও খোয়া উঠে যাচ্ছে। বেহাল সড়কে বেকায়দায় পড়ছে যানবাহন ও পথচারীরা।
এলাকাবাসী বলছেন, সড়কের পাশে অপরিকল্পিতভাবে দোকানপাট নির্মাণের খেসারত দিতে হচ্ছে তাঁদের।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা ও পুরোনো বাসস্ট্যান্ড থেকে ঠাকুরগাঁও রোড পর্যন্ত সড়কের বলাকা সিনেমা হল, চৌরাস্তা, জজ আদালতের সামনের সড়ক, আর্ট গ্যালারি মোড়, গোবিন্দনগর, ঠাকুরগাঁও স্টেশন রোড এলাকাসহ বিভিন্ন সড়কের কোথাও এক পাশে পানি জমে আছে; কোথাও আবার দুই পাশই পানিতে সয়লাব। পানি জমে থাকা স্থানগুলোতে সড়কের পিচ ও খোয়া উঠে গেছে। ফলে যানবাহনকে চলতে হচ্ছে হেলেদুলে। লোকজনও কাদাপানি মাড়িয়ে কষ্ট করে চলাচল করছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পৌর শহরের বিভিন্ন সড়কের দুই পাশে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান। সড়কের পাশে ঘর নির্মাণের সময় মালিকেরা সামনের জায়গা মাটি দিয়ে ভরাট করেছেন। সড়ক হয়ে গেছে সেই জায়গার চেয়ে নিচু। এতে করে বৃষ্টির পানি সরতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ পানিতে সয়লাব হয়ে যাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠাকুরগাঁও কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী হরিকিংকর মোহন্ত বলেন, বিটুমিন দিয়ে তৈরি সড়কে দীর্ঘদিন পানি জমে থাকলে তা টেকে না। ঠাকুরগাঁও শহরের সড়কগুলো এ কারণে নষ্ট হয়ে যাচ্ছে।
শহরের আর্ট গ্যালারি এলাকার কাপড় ব্যবসায়ী মো. জুলহাস বলেন, সামান্য বৃষ্টি হলেই আর রক্ষা নেই। এরপর দু-তিন দিন বৃষ্টি না হলেও সড়কের ওপর পানি জমে থাকে। এতে ক্রেতারা আসতে না পারায় তাঁদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।
জজ আদালতের সামনের সড়কের ব্যবসায়ী মো. মাসুদ বলেন, সবে গত বছর এই রাস্তাটি কার্পেটিং করা হয়। এরই মধ্যে পানি জমে রাস্তার পাথর উঠে যাচ্ছে। বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। কাদাপানি মাড়িয়ে ক্রেতারা দোকানে আসতে চান না।
সড়ক ও জনপথ (সওজ) ঠাকুরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, পৌর এলাকার বিভিন্ন সড়কের এক পাশে পানিনিষ্কাশনের নালা রয়েছে। কিন্তু অন্য পাশে সড়ক ঘেঁষে দোকান নির্মাণ করার কারণে পানি বের হতে পারছে না। সড়কে পানি যাতে জমে না থাকে, সে জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন বলেন, পৌর এলাকার বিভিন্ন সড়কে বৃষ্টির পানি জমে থাকার বিষয়টি তাঁদের নজরে
এসেছে। সড়কের পানি সহজে নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হচ্ছে।