সামান্য বৃষ্টিতেই ৪০০ মিটারে জলাবদ্ধতা, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারাগঞ্জ উপজেলা পরিষদ থেকে তারাগঞ্জ বাজার পর্যন্ত ২ কিলোমিটার সড়কের ৪০০ মিটার অংশে নালা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কের তারাগঞ্জ থানা মোড়, রংপুর, সম্প্রতি তোলা
ছবি: প্রথম আলো

রংপুরের তারাগঞ্জ বাজার-উপজেলা পরিষদ সড়কের থানা মোড় এলাকার ৪০০ মিটার সড়ক এখন তারাগঞ্জবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলা শহরের কেন্দ্রস্থলে এমন একটা সড়ক বছরের অধিকাংশ সময় কাদা আর ঘোলা পানিতে একাকার হয়ে থাকে।

সামান্য বৃষ্টি হলেই সেখানে জলাবদ্ধার সৃষ্টি হয়। এ কারণে এ সড়ক দিয়ে চলাচলকারী স্থানীয় লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাগঞ্জ বাজার-উপজেলা পরিষদ সড়কটি দৈর্ঘ্য দুই কিলোমিটার। থানা মোড় থেকে তিস্তা সেচ ক্যানেল পর্যন্ত ৪০০ মিটার অংশ তারাগঞ্জ বাজার এলাকার পাশে হওয়ায় সব সময় লোকজনের আনাগোনা থাকে। এ ছাড়া ওই সড়ক দিয়ে উপজেলার দৌলতপুর, থানাপাড়া, ঘনিরামপুর, মাছুয়াপাড়া, জদ্দিপাড়া গ্রামের মানুষ তারাগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে হয় ওই সড়ক দিয়ে। সামান্য বৃষ্টি হলে ওই অংশে পানি জমে যায়। সৃষ্টি হয় জলাবদ্ধতার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে দুই বছর আগে সড়কটি সংস্কার করা হয়। কিন্তু দীর্ঘদিনেও পানিনিষ্কাশনের জন্য সড়কের দুই পাশে কোনো নালা নির্মাণ করা হয়নি। ফলে বৃষ্টি হলেই সড়কের থানা মোড় থেকে তিস্তা ক্যানেলের মোড় পর্যন্ত ৪০০ মিটারে পানি জমে থাকছে। এতে পিচ ও খোয়া উঠে ওই অংশ নষ্ট হচ্ছে। পথচারীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।

এ বিষয়ে কথা হয়, দৌলতপুর গ্রামের সোহেল রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘ভাইজান, এটা সড়ক, না ডোবা? মিছানা আকাশের পানি হইলে রাস্তাকোনা ডুবি যায়। এক হাঁটুপানির ওপর দিয়া যাওয়া–আইসা কইরার সময় কাপড় নষ্ট হয়। তাও কায়ও রাস্তাকোনার পানি সারবার ব্যবস্থা না নেয়।’

থানাপাড়া গ্রামের বাসিন্দা মিরাজ হোসেন বলেন, ‘রাস্তাকোনার দুই পেকের বাড়িঘর আলারা বাড়ির সামনোত মাটি তুলি উঁচা করায় আস্তাটা দোলা হয়্যা গেইছে। আকাশের পানি আইলে আস্তাত হাঁটুসমান পানি জমে। ড্রেন না থাকায় আস্তার পানি কোনোটে যাবার পায় না। আস্তাতে জমা হয়া থাকে। ওই তকনে আস্তাটা নষ্ট হয়ছে, যাওয়া–আইসা করতে হামারো কষ্ট হওছে।’

তারাগঞ্জ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, সড়কটির এ অবস্থার কারণে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি উপজেলা প্রকৌশলী ও জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। এখনো কোনো কাজ হয়নি। বর্তমানে কাদাপানি মাড়িয়ে পথচারীদের যাতায়াত করতে হচ্ছে।

কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফজালুল হক বলেন, রাস্তার ওই অংশে নালা না থাকায় সামান্য বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিষয়টি উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভায় উপস্থাপন করা হয়েছে। স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানকেও জানানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হায়দার জামান বলেন, ওই রাস্তার বাজে অবস্থার কথা জানা আছে। সমস্যা সমাধানের পরিকল্পনা করা হচ্ছে।