সামিউলের হত্যাকাণ্ডে বিএনডব্লিউএলএ'র নিন্দা
শিশু শেখ সামিউল আলম রাজন (১৩) কে ভ্যান চুরির অভিযোগে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আজ সোমবার সমিতির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সমিতির পক্ষ থেকে অবিলম্বে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলা (জালালাবাদ থানা মামলা নম্বর ৪) দায়ের করা হয়েছে। বিএনডব্লিউএলএ’র সিলেট বিভাগীয় প্রধান সৈয়দা শিরিন আক্তার সমিতির পক্ষ থেকে ওই মামলায় আইনগত সহায়তা দিচ্ছেন।
বিএনডব্লিউএলএ’র নির্বাহী পরিচালক সালমা আলীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো সহিংস ঘটনাগুলোর ভিডিও মুঠোফোনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেবার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি সরকারের খতিয়ে দেখা দরকার। সামিউল হত্যাকাণ্ডের আগে পৈশাচিক নির্যাতন চালানোর সময়ও ভিডিও চিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ইন্টারনেটে ছড়িয়ে দেয় নির্যাতনকারীরা। সামিউলের ঘটনার যেহেতু ভিডিও ফুটেজ রয়েছে তাই আসামিদের শনাক্তকরণ ও গ্রেপ্তারে যেন কোনো রকম বিলম্ব করা না হয় অথবা ঘটনা যাতে ভিন্ন খাতে প্রবাহিত করা না হয় সে দিকে সরকারকে বিশেষ দৃষ্টি দিতে হবে।