সামিটের মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রে জাপানি কোম্পানিরবিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশনের (সামিট গ্রুপ) নির্মাণাধীন মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রে জাপানের বিমা কোম্পানি টয়ো লাইফ দুই কোটি ৩০ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮৫ কোটি টাকা) বিনিয়োগ করেছে। এর মাধ্যমে জাপানি কোম্পানিটি ৩৩৭ মেগাওয়াট ক্ষমতার ওই বিদ্যুৎকেন্দ্রটির ১২ দশমিক ৬ শতাংশের মালিকানা কিনে নিয়েছে।

সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের ওই বিদ্যুৎকেন্দ্রটির অবশিষ্ট মালিকানা সামিট ও জি ই আমেরিকার। বিদ্যুৎ প্রকল্পটিতে মোট ব্যয় হবে দুই হাজার ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৭৯ কোটি টাকা। আগামী অক্টোবর মাসে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

৫০ কোটি মার্কিন ডলারের বিমা তহবিলসমৃদ্ধ টয়ো লাইফ সামিটের ৩৪৪ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-২ বিদ্যুৎকেন্দ্রে আরও দুই কোটি ডলার এবং গঠনের প্রক্রিয়াধীন ‘টয়ো-সামিট জীবন বিমা কোম্পানি’তে দুই কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করবে।

জানতে চাইলে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান এ বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, সামিট মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রে টয়ো লাইফের বিনিয়োগ করা অর্থ ইতিমধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে প্রকল্পের নামে স্থানান্তরিত হয়েছে।

আজিজ খান বলেন, সামিটের প্রায় এক হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র এবং নারায়ণগঞ্জে একটি পোর্ট নির্মাণাধীন রয়েছে। এসব প্রকল্পে সামিট গ্রুপ প্রায় আট হাজার কোটি টাকা (১০০ কোটি মার্কিন ডলার) বিনিয়োগ করছে।