সামিটের মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩৫ মেগাওয়াট ক্ষমতার দ্বৈত জ্বালানিভিত্তিক (গ্যাস ও ফার্নেস তেল) মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ চুক্তি সই হয়েছে। দুটি চীনা কোম্পানি এনইপিসি ও সিএনইইসির কনসোর্টিয়ামের সঙ্গে সামিট গ্রুপ গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এই চুক্তি সই করে।একই সঙ্গে সামিট জেনারেল ইলেকট্রিক (জিই) এনার্জি প্রোডাক্টস ফ্রান্স এসএনসির সঙ্গে দুটি অত্যাধুনিক গ্যাস টারবাইন, প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী চীনা কোম্পানি দুটি বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল, সংগ্রহ ও নির্মাণ ঠিকাদার হিসেবে কাজ করবে। আর জিই ফ্রান্স উল্লিখিত যন্ত্রপাতি সরবরাহ করবে।গত বছরের ১২ মে প্রায় একই ক্ষমতার আরও দুটি (বিবিয়ানা-১ ও ২) বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সামিট গ্রুপ মেঘনাঘাটের এই কেন্দ্র স্থাপনেও সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পায়। বিদ্যুৎকেন্দ্রের ২০ শতাংশ অংশীদারি নিয়ে তাদের সঙ্গে আছে জেনারেল ইলেকট্রিক (জিই) যুক্তরাষ্ট্র। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সরকার যেসব বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ হাতে নিয়েছে, তার সব কটিই বাস্তবায়িত হবে।সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও’ব্লেক জুনিয়র, সিএনইইসির প্রেসিডেন্ট লি চেঙ্গি এবং জিই ভারতের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন এল ফ্লানেরি বক্তব্য দেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাসহ সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।নির্মাণ ঠিকাদারি চুক্তিতে সই করেন সামিটের অন্যতম পরিচালক ফয়সাল করিম খান ও এনইপিসির ভাইস প্রেসিডেন্ট লিউ ইয়ানবিং। কেন্দ্রটি নির্মাণে দেশের পাঁচটি ব্যাংক—জনতা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক ও শাহজালাল ব্যাংক মোট সাড়ে ২৭ কোটি (২৭৫ মিলিয়ন) মার্কিন ডলার অর্থায়ন করছে। আগামী বছরের মে মাসে কেন্দ্রটিতে উৎপাদন শুরু হওয়ার কথা।